২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার অনুপাতে প্রার্থীদের ব্যয় নির্ধারণ

ভোটারের সংখ্যা অনুপাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করার কথা ভাবছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 05:09 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার দুপুরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন তার কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

সকালে অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জমান আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত করে ভোটারের সংখ্যার অনুপাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করার প্রস্তাব জানান। এ সময় নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।

অর্থনীতি সমিতির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিশন কী ভাবছে, তা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, “আমরাও এ বিষয়টি ভাবছি। সব আসনে ভোটারের সংখ্যা এক রকম নয়। তাই ভোটারের সংখ্যার অনুপাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করা প্রয়োজন। তবে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আরও আলোচনা করতে হবে।”

আগামী জুলাই মাসে নির্বাচনী আইন সংস্কারের কাজ শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেন ছহুল হোসাইন। তিনি বলেন, “আমরা আশা করছি, ঘরোয়া রাজনীতি শুরু হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করে সংস্কারের বিষয়গুলো চূড়ান্ত করতে পারবো।”

একই সঙ্গে তিনি বলেন, “ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা কবে নাগাদ তুলে নেওয়া হবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কমিশনকে কিছু জানানো হয়নি।”

ছহুল হোসাইন বলেন, “ঘরোয়া রাজনীতি শুরু হতে দেরি হলে কী করা যায়, সেটাও আমাদের ভাবতে হবে। কারণ আইন সংস্কার করার পাশাপাশি আমাদের ছবিসহ ভোটার তালিকার বিষয়েও রাজনৈতিক দলগুলোর মতামত নিতে হবে।”