শামীম ওসমানকে ৩ দিনের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক সাংসদ একেএম শামীম ওসমানকে তিনদিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে।
নারায়ণগঞ্জের স্পেশাল জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালত রোববার দুপুরে এ আদেশ দেন। রোববার ছিল মামলার শুনানির নির্ধারিত দিন। শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৯ এপ্রিল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম ওসমান তিন দিনের মধ্যে আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে একটি নোটিশ শামীম ওসমানের বাড়িতেও ঝুলিয়ে দেওয়া হবে।
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন গত ৪ এপ্রিল শামীম ওসমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। আদালতের নির্দেশে গত ১১ এপ্রিল শহরের জামতলা আবাসিক এলাকায় শামীম ওসমানের বাড়ির অস্থাবর মালামাল ক্রোক করে পুলিশ । তাকে ধরার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) গত ৭ এপ্রিল বিশ্বজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
গোয়েন্দা সূত্রগুলো জানায়, শামীম ওসমানের দুই ভাই সেলিম ওসমান ও নাসিম ওসমানও বর্তমানে পলাতক রয়েছেন।
