২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের ফাঁসি: নিহত দুই বিচারকের পরিবারে সন্তোষ

ঝালকাঠিতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের পরিবার জঙ্গিদের ফাঁসি কার্যকরের খবরে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা এই জঙ্গিদের মদদদাতাদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরও শাস্তি দেওয়ার দাবি জানান। সোহেল আহমেদের স্ত্রী ফারহানা কান্তা কান্নায় ভেঙ্গে পড়ে বলেছেন, “ওদের ফাঁসির বিনিময়ে স্বামীকে তো আর ফিরে পাবো না।” জগন্নাথ পাঁড়ের স্ত্রী জ্যোতি পাঁড়ে বলেছেন, “বঙ্গবন্ধুর খুনীদের বিচার না হলেও আমি আমার স্বামী হত্যার বিচার পেয়েছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সিনিয়র সহকারি জজ সোহেল আহমেদের স্ত্রী ফারহানা কান্তা নফহবংি২৪.পড়স --কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, “জঙ্গিদের ফাঁসির খবরে দেশবাসীর মতো আমরাও অবশ্যই খুশী হয়েছি। কিন্তু এদের প্রাণের বিনিময়ে নিজের স্বামীকে তো আর ফিরে পাবো না।” ফারহানা কান্তা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সহকারি পরিচালক হিসেবে কর্মরত আছেন।

নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের স্ত্রী জ্যোতি পাঁড়ে বলেছেন, “আমি সুবিচার পেয়েছি। যেদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি সেখানে অতি দ্রুত আমি স্বামী হত্যার বিচার পেলাম।”

এদিকে বর্তমানে চট্টগ্রামে মেয়ের বাসায় অবস্থানরত বাবা মনসুর আহমেদ নফহবংি২৪.পড়স --কে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “জঙ্গিদের ফাঁসি হয়েছে বলে আমি খুশী। কিন্তু আমার ছেলেকে তো আর ফিরে পাব না।”

সোহেল আহমেদের ভাই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমন আহমেদ টেলিফোনে বলেন, “জঙ্গিদের ফাঁসিতে খুশী হয়েছি। কিন্তু নেপথ্যের লোকজন নেপথ্যেই রয়ে গেল। তাদের বিচার হলো না।” ফাঁসির আগে জঙ্গিদের গণমাধ্যমের সামনে না আনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সোহেল আহমেদের শ্বশুর ভোলা উকিলপাড়ার বাসিন্দা অধ্যাপক মহসিন জানান, তিনি খুশী হয়েছেন এ খবরে।

জ্যোতি পাঁড়ে জানান, সকাল ৭টার দিকে জঙ্গিদের ফাঁসির খবরটি পেয়েছেন এক কাকার কাছ থেকে। এরপর তিনি স্বামীর ছবিতে প্রণাম করে পূজা দিয়েছেন। বেলা সাড়ে তিনটার দিকে তিনি বরিশাল শহরের আদি শ্মশানে যান স্বামীর সমাধিতে ফুল দিতে। এসময় তার সঙ্গে ছিলেন জেলা ও দায়রা জজ মো. শফিউদ্দিন আহমেদ। 

এসময় জ্যোতি পাঁড়ের বাবা মুকুল মুখার্জী বলেন, জঙ্গিদের ফাঁসি হওয়ায় তিনিও খুশী। তবে তাঁর দাবি, এর পেছনে যারা কলকাঠি নেড়েছেন, মদদ দিয়েছেন যারা এবং যাদের নাম বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে যথাযথ তদন্ত করে তাদের বিরুদ্ধেও যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।