জঙ্গিদের ফাঁসির খবরে ঝালকাঠিতে স্বস্তি
শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের ছয় শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছে ঝালকাঠির বিভিন্ন মহল।
দুই বিচারক হত্যা মামলার বাদী সুলতান হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “আজ আমার প্রচণ্ড খুশীর দিন। স্যারদের আত্মাও আজ নিশ্চয়ই শান্তি পেয়েছে। তবে ওদের প্রকাশ্যে ফাঁসি হলে আরও ভালো হতো।”
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী ঝালকাঠির পিপি ও জেলা জামায়াতের সাবেক আমীর অ্যাডভোকেট হায়দার হোসাইন বলেন, “বাংলাদেশ ও ইসলামকে যারা ধ্বংসের মুখোমুখি দাঁ করিয়েছিল তাদের ফাঁসি কার্যকর হওয়ায় আমি ভীষণ খুশী। আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আশা করছি, ওদের সঙ্গীরাও এমনিভাবে ধ্বংস হয়ে যাবে।”
২০০৫ সালের ১৪ নভেম্বর বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন বর্তমানে ঢাকা জজ আদালতের সিনিয়র সহকারি জজ (৩য় আদালত) আবদুল আউয়াল। টেলিফোনে তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এটা আমাদের প্রত্যাশিতই ছিল। জগন্নাথ ও সোহেলের সঙ্গে সেদিন যদি আমিও মরে যেতাম তাহলে আজ এই শাস্তি দেখে যেতে পারতাম না। আজ খুব ভালো লাগছে। রায় কার্যখর হওয়ায় নিহতদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।”
ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, “তারা যে বর্বর কাজটি করেছে তার উচিত শাস্তি পেয়েছে। এ থেকে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত।”
ঝালকাঠি জেলা সিপিবির সভাপতি আবদুল মান্নান বলেন, “এ সরকারের আমলে ফাঁসির আদেশ কার্যকর হওয়ার বিষয়টি ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে নেপথ্য মদদদাতারা নেপথ্যেই থেকে গেল, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া না হলে জঙ্গিবাদের মূলোৎপাটন হবে না।”
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতি বোমা হামলায় নিহত হন ঝালকাঠি জেলা জজ আদালতের সিনিয়র সহকারি জজ শহীদ সোহেল আহমদ এবং জগন্নাথ পাঁড়ে। ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠিতে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনের সামনে বিচারকদের বহন করা মাইক্রোবাসে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় আহত হন আবদুল মান্নান, পথচারী দুধ বিক্রেতা বাদশা মিয়া ও হামলাকারী মামুন। এসময় অল্পের জন্য বেঁচে যান অপর সিনিয়র সহকারি জজ আবদুল আউয়াল ও মাইক্রো চালক সুলতান আহমেদ।
২০০৬ সালের ২৯ মে এই হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাত জঙ্গির ফাঁসির আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে বৃহস্পতিবার ছয়জনের ফাঁসি কার্যকর হল। একজন পলাতক থাকায় রায় অনুযায়ী ধরা পরার তার ফাঁসি কার্যকর করা হবে।
