২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা সংস্থার অনুরোধে বন্ধ হলো আলোচনা সভা

রাজনীতিবিদের উপস্থিতির কারণে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত একটি আলোচনাসভা কিছুক্ষণ চলার পর গোয়েন্দা সংস্থার অনুরোধে বন্ধ হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সিটিজেন্স রাইটস্ মুভমেন্ট আয়োজিত আলোচনাসভাটি শুরু হয় শনিবার সকাল ১১টায়।

মূল প্রবন্ধ পাঠের পর অনুষ্ঠানে দ্বিতীয় আলোচক মুজাহিদুল ইসলাম সেলিমের বক্তব্যে রাজনৈতিক প্রসঙ্গ এসে পড়ায় উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যরা ওয়াকিটকির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিছুক্ষণ পরই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য ভিআইপি লাউঞ্জে এসে আলোচনাসভা বন্ধ করতে আয়োজকদের অনুরোধ করেন।

বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাংসদ ড. আবদুর রাজ্জাক, বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, সাবেক সচিব ওয়ালিউর রহমান, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, গ্র“প ক্যাপ্টেন (অব.) মো. আলফাজ, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মুকসুদ, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, ব্যারিস্টার সাফিয়া আরমান, অ্যাডভোকেট এম শাহজাহান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের মহাসচিব তুসার রেহমান ‘‘বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারি’’ শীর্ষক একটি প্রবন্ধ পড়েন।

মূল প্রবন্ধে ভারতে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। একইসঙ্গে ভারতের সঙ্গে রেল ও সড়ক পথ চালু, ট্রানজিট সুবিধা, পোর্ট এন্ট্রি ভিসা সুবিধা, এশিয়ান হাইওয়ে চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর করাসহ বিভিন্ন বিষয়ের ওপর জোর দেয়া হয় প্রবন্ধে।

এর ওপর আলোচনা করতে গিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের অর্থনীতির দর্শন পরবর্তন ছাড়া কয়েকজন লুটেরাকে ধরলেই দুর্নীতি বন্ধ হবে না। এজন্য দেশের জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনতাকে ভয় পেলে চলবে না।

তিনি বলেন, চট্ট্রগাম বন্দরকে দক্ষিণ এশিয়ার বন্দরে পরিণত করতে হবে। একে মার্কিন সাম্রাজ্যের কাছে দেওয়া যাবে না।

রাশেদ খান মেনন বলেন, আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে অবশ্যই জনগণকে আস্থায় নিতে হবে। চট্ট্রগ্রামের মেয়র মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তাঁকে বাইরে রেখে বন্দর উন্মুক্ত করা সম্ভব হবে না।

গোয়েন্দা সংস্থার অনুষ্ঠান বন্ধের অনুরোধের সময় বক্তব্য রাখছিলেন সৈয়দ আবুল মকসুদ। তার বক্তব্য শেষ হওয়ার পরই তুসার রেহমান আলোচনাসভাটির সমাপ্তি ঘোষণা করেন। রাজনীতিবিদদের উপস্থিতির জন্য তিনি কৃতজ্ঞতা জানান।   

এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জিয়াকে আমি যেভাবে দেখেছি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কয়েকজন রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করলে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ পুলিশ এসে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। অনুষ্ঠানে সাংবাদিক মির্জা খবির উদ্দিন, এরশাদ মুজমদার ও সাবেক সাংসদ জাকারিয়া চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।