চাঁদাবাজির অভিযোগে জামিন পেলেন না নাজমুল হুদা
২০০৪ সালের রমজান মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং এক লাখ টাকা আদায়ের অভিযোগে দোহার থানার একটি মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার জামিন আবেদন মঞ্জুর করেনি আদালত।
রোববার ঢাকা জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খাদিজা নাজনীন শুনানি শেষে এ আদেশ দেন।
প্রায় আড়াই বছর আগে চাঁদাবাজির ঘটনায় ৬ মার্চ সাবেক যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন দোহারের চরবৈতা গ্রামের ব্যবসায়ী মো. আইয়ুব আলী।
মামলায় নাজমুল হুদাকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন, নাজমুল হুদার ভাই কামরুল হুদা, ইয়ানুছ আলী, নাছির উদ্দিন বাওয়ালী ও গিয়াসউদ্দিন বাওয়ালী।
মামলায় বাদী অভিযোগ করেন যে প্রধান আসামি জোট সরকারের নেতা ও প্রভাবশালী মন্ত্রী ছিলেন বলে ঘটনার সময় তারা মামলা করতে সাহস পাননি।
জামিন শুনানিতে অংশ নেন এ্যাডভোকেট রজ্জব হোসেন ও ফরিদ আহমেদ।
