২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রই করা হচ্ছে

ভোটার পরিচয়পত্র নয়, ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন শুক্রবার নফহবংি২৪.পড়স কে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ভোট কারচুপি ঠেকাতে ডাটা বেইজ পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা করা হলে ভোটার পরিচয়পত্রের আর প্রয়োজন পড়বে না। বরং এই ডাটা আরো বড় পরিসরে ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরি করা যায়। জাতীয় পরিচয়পত্র করা খুবই জরুরি।’’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 11:44 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

জাতীয় পরিচয়পত্রের পক্ষে যুক্তি দেখিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘‘জাতীয় পরিচয়পত্র তৈরি করা একটি সময়সাপেক্ষ ও অব্যাহত প্রক্রিয়া হলেও এর বহুবিধ ব্যবহার রয়েছে। এর মাধ্যমে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ বিল পরিশোধ ও অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।  গরিব মানুষ এটিকে ভিজিএফ কার্ডের বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারবে। এর বাইরেও রয়েছে এর নানামুখী ব্যবহার।’’  

কমিশন সূত্র জানায়, কমিশনের পরামর্শে সরকার জাতীয় পরিচয়পত্র করার সিদ্ধান্ত নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা তৈরি করার উদ্যোগ নেবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনী আইন সংস্কারের পরেই সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য কমিশন নির্বাচন সম্পর্কিত আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ--১৯৭২) সংস্কার করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তারা ভোটার পরিচয়পত্র করার বিষয়টিও ভেবে দেখছেন। এ সম্পর্কে সেনাবাহিনীর সহায়তার প্রস্তাব বিবেচনা করা হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র ও স্বচ্ছ ব্যলটবাক্স তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন ভোটার পরিচয়পত্র বিষয়ক বিশেষজ্ঞ কমিটি এরইমধ্যে সরকারকে জানিয়েছে, ভোটার পরিচয়পত্র তৈরিতে সময় লাগবে এক বছর এবং খরচ হবে প্রায় ৪৩০ কোটি টাকা।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর তত্ত্ববধায়ক সরকার ভোটার পরিচয়পত্র সংক্রান্ত পুরনো নথিপত্র খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত ফাইল চেয়ে পাঠায়।

নির্বাচন কমিশন ১৯৯৪ সালে প্রথম ভোটার পরিচয়পত্র তৈরির প্রকল্প হাতে নেয়। প্রায় ২০০ কোটি টাকার এই প্রকল্প ১৯৯৫ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে। কিন্তু এক তৃতীয়াংশ কাজ হওয়ার পরে নানা অনিয়ম -- অব্যবস্থাপনার অভিযোগে ১৯৯৬ সালে প্রকল্পটি বাতিল হয়ে যায়। এই প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির মামলা এখন দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে।