আইন সংশোধন করে উপজেলা নির্বাচনের দায়িত্ব দেয়া হচ্ছে নির্বাচন কমিশনকে
আইন সংশোধন করে উপজেলা নির্বাচনের দায়িত্ব মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনকে দেয়া হচ্ছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি বলেন, “উপজেলা আইন সংশোধনের পাশাপাশি সিটি করপোরেশন অধ্যাদেশগুলোও সংশোধন করা হবে। এই সংশোধানীর মাধ্যমে সরকার সিটি করপোরেশনের মেয়রের অনুপস্থিতিতে যে কোনো একজন ওয়ার্ড কমিশনারকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিতে পারবে।”
সিটি করপোরেশন অধ্যাদেশের প্রচলিত বিধান অনুযায়ী শুধুমাত্র মেয়র নিজে কোনো একজন কমিশনারকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দিতে পারেন।
উপদেষ্টা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনে এখন পর্যন্ত কোনো প্রশাসক নিয়োগ করা হয়নি। এ বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
