বগুড়ায় বিএনপির ২০ নেতা--কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জরুরি অধ্যাদেশ অমান্য করে মিছিল করার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ।
৮ মার্চ বিকেলে শহরের ফুলবাড়ী এলাকায় মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালনের অভিযোগে পুলিশ জরুরী অধ্যাদেশ ২০০৭ আইনে বিএনপির ২০ জন নেতা--কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।
সোমবার আদালতে এসব মামলার অভিযোগ পত্র দাখিল করা হয়।
একটি মামলায় অভিযুক্ত ১২ জন হলেন বিএনপি নেত্রী ও জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, দুই মহিলা ওয়ার্ড কমিশনার নিলুফা কুদ্দুস ও রোকেয়া বেগম রঞ্জনা, শহর যুবদলের সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বিএনপি নেতা রেজাউল ইসলাম কোয়েল, ফারুক, লিখন, টিটু, শিবলু, মুক্তি, শামীম ও কাজল রেখা। এদের মধ্যে কাজল রেখা কারাগারে আটক রয়েছেন।
এ ছাড়া একইদিন সন্ধ্যায় শহরের রেলগেট এলাকায় মিছিল করার অভিযোগে পৃথক মামলায় অন্য যে আটজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে তাদের সবাই কারাগারে আটক রয়েছেন।
এরা হলেন শহর যুবদলের সাবেক সভাপতি ইনছান আলী শেখ, খোকন, ইকরামুল, আসাদুজ্জামান আসাদ, ফজর আলী, আল মাহমুদ, নাজির আহম্মেদ ও আজম আলী মন্টু।
অভিযুক্তদের মধ্যে মহিলা দলের এক কর্মীসহ নয়জন জেল-হাজতে আটক রয়েছেন। বগুড়া পৌরসভার বিএনপি দলীয় দুই মহিলা ওয়ার্ড কমিশনারসহ বাদবাকী ১১জনই পলাতক।
