পাঁচ বছর পর উপদেষ্টাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
দীর্ঘ পাঁচ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার রাত পৌনে ৯টায় বনানীর হাওয়া ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বিএনপির উপদেষ্টাম-লির সদস্য সংখ্যা ২২ জন হলেও বৈঠকে উপস্থিত ছিলেন ১২ জন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, জরুরি অবস্থা জারির পর দুর্নীতির অভিযোগে বিএনপির নেতা--কর্মীদের আটক হওয়ায় জনমনে সৃষ্ট বিরুপ প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টারা এ বিষয়ে দলের কর্মকৌশল সম্পর্কেও কথা বলেন। তাদের কয়েকজন দুর্নীতির অভিযোগের দায় বিএনপিকে না নেওয়ার জন্য চেয়ারপারসনকে পরামর্শ দেন।
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, এম এ হাকিম, হারুণ উর রশীদ খান মুন্নু, মোশাররফ হোসেন শাহজাহান, ব্যারিস্টার শাহজাহান ওমর, ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, হারুন আল রশিদ, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সৈয়দ শহীদুল হক জামাল, এ এইচ এম মোফাজ্জল করীম, মেজর জেনারেল(অব.) জেড এ খান বৈঠকে উপস্থিত ছিলেন।
সেখানে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিএনপির মুখোপাত্র নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসন দলের উপদেষ্টাদের সঙ্গে এই বৈঠক করছেন। তবে বিভিন্ন সময়ে তিনি অনানুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আলোচনা করে থাকেন।”
