‘শক্তি’ দিয়ে রাজনীতিতে নামলেন ইউনূস
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মুহাম্মদ ইঊনূস।
নতুন এই দলের নাম হবে নাগরিক শক্তি, সংক্ষেপে শক্তি। দলের আদর্শের মধ্যে আরো থাকবে গণতন্ত্র, সুশাসন, ঐক্য ও শান্তি। শ্লোগান হবে, ‘বাংলাদেশ এগিয়ে চলো।’
দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল গঠন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। প্রক্রিয়া শুরু হলে যারা যোগ দিতে চায় তারা আসবে।
কবে নাগাদ দল গঠন প্রক্রিয়া শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু হবে।
মুহাম্মদ ইউনূস বলেন, “দলের নামের ব্যাপারে আমি অনেকের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। এর মধ্য থেকে আমি দলের নাম হিসেবে ‘নাগরিক শক্তি’ নামটি পছন্দ করেছি। সংক্ষেপে এই দলকে আমরা শক্তি নামে পরিচিত করতে পারি।”
তিনি বলেন “আমার ধারণা যেসব মানুষ অতীতের সংঘাতময় রাজনীতি থেকে সরে আসতে চাচ্ছে এই দল গঠন হলে তারা সরে আসতে পারবে।”
তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে সম্ভাবনা সে সম্ভাবনার পুরোটা এখনো নিতে পারছি না। এটা নেওয়া প্রয়োজন। এই তাগিদটা অনুভব করছি যে, আমরা পিছিয়ে পড়ছি অন্যদের কাছ থেকে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে কাজ করতে পারি তাহলে যেটুকু পথ আমরা পিছিয়ে গেছি সেটুকু অতিক্রম করতে পারবো।”
“আমি রাজনীতিবিদ না। রাজনীতি পরিস্কারভাবে বুঝিও না। জণগনের সমর্থন নিয়ে কাজ করতে চাই” বলেছেন ইউনূস।
তার দল ক্ষমতায় এলে ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন এবং ৭১-এর যুদ্ধপরাধীদের বিচার করবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্ষমতায় এলে দেখা যাবে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। এর স্টেপগুলো কিভাবে অগ্রসর হবে সেটা দেখার বিষয়।”
চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের দলে নেবেন কিনা এ প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, ‘পদ্ধতি মেনে যে কেউ এই দলে আসতে পারবে।”
আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, “তাড়াহুড়ো করার দরকার নেই। সবকিছু ঠিকঠাক করে তার পর নির্বাচন দিলেই ভালো হবে।”
গ্রামীন ব্যাংক বিষয়ে তিনি বলেন, “গ্রামীন ব্যাংকের সঙ্গে আমার সম্পর্ক আস্তে আস্তে কমে যাবে। তবে আমার রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না।”
এর আগে সাংবাদিকদের কাছে বিতরণ করা এক লিখিত বিবৃতিতে শান্তিতে নোবেল জয়ী বলেন, “আপনাদের প্রবল আগ্রহের প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, নতুন রাজনীতি সৃষ্টির জন্য আপনাদের প্রচেষ্টায় আমি শরিক হবো। আপনারা সবাই দোয়া করবেন। আমি যেন নতুন বাংলাদেশ গড়ায় আপনাদের আকাক্সক্ষা পূরণ করতে পারি।”
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলো’ ঘোষণা দিয়ে আমরা দ্রুত আমাদের প্রিয় দেশকে সামনের কাতারের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের রাজনীতি। এই রাজনীতি হবে ঐক্যের রাজনীতি, শান্তির রাজনীতি, সমতা প্রতিষ্ঠার রাজনীতি, কর্মের রাজনীতি, দেশের সকল মানুষকে কর্মে উজ্জীবিত করে দ্রুততম সময়ে দেশের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। দারিদ্রকে জাদুঘরে পাঠাবার রাজনীতি। এই রাজনীতি হবে অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সুশাসন, দূর্নীতিমুক্ত এবং দলীয়করণমুক্ত রাজনীতি। সর্বক্ষেত্রে নারীদের সমতা, তরুণদের ভবিষ্যত গড়া, বৈদেশিক শক্তির কাছে মাথা নত না করার রাজনীতি।
