২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদাকে সাদা, কালোকে কালো বলুন : হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজনীতিবিদদের ঢালাওভাবে এক পাল্লায় না ফেলার আহ্বান জানিয়ে বলেছেন সাদাকে সাদা ও কালোকে কালো বলুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লেখা এক প্রবন্ধে তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানিয়েছেন।

সাবেক বিরোধী দলীয় নেতার এ লেখায় উঠে এসেছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠনের (বাকশাল) যৌক্তিকতা, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিভিন্ন খাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বর্ণনা, ’৭৫ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়। পরিবার ও নিকটাত্মীয়দের রাজনৈতিক পরিচয় ও তাদের আর্থিক অবস্থার বর্ণনাও দিয়েছেন তিনি।

হাসিনা বলেছেন, ’৭৫ এ বঙ্গবন্ধুসহ চার জাতীয় নেতাকে হত্যার আগে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, বদনাম ছড়ানো হয়েছে। আর ১৯৭৫ সালে যখন পরিবারের সকলকে হত্যা করা হলো তখন রেডিও টেলিভিশনে বারবার প্রচার করা হয়েছিল দেশে বিদেশে তাদের পরিবারের কী  কী সম্পদ আছে তা খুঁজে বের করা হবে। খোঁজাও হয়েছিল। তিনি প্রশ্ন করেন, কি পেয়েছিল তারা? “কিছুইতো পায়নি।”

শেখ হাসিনা লিখেছেন, রাষ্ট্রপতির ছেলে হিসেবে তার ভাই শেখ কালাম কোন শিল্প--কারখানা রেখে যায়নি। বরঞ্চ প্রতিষ্ঠা করে গেছেন আবাহনী ক্রীড়া চক্র। সম্পদ বলতে রেখে গেছেন সেতার ও ক্রিকেট ব্যাটটি।

নিজের কথা বলতে গিয়ে হাসিনা বলেন, “আমার স্বামী আণবিক শক্তি কমিশনে চাকরি করতেন। সীমিত আয়ের মধ্যেই চলতে হতো আমাদের। প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে কয়েকটা বাড়ি, শিল্প কারখানাসহ অনেক কিছুরই মালিক হতে পারতাম, যদি ইচ্ছে করতাম। সে ইচ্ছে কখনই করিনি।”

সাবেক প্রধানমন্ত্রী জানান, তার বোন এখনও লন্ডনে বাসে চড়ে অফিস করেন, চাকরি করে সংসার চালায়। সে সেখানে একটা গাড়িও কিনতে পারেনি। তাদের দুই বোনের সন্তানরা লেখাপড়া শিখেছে, মানুষ হয়েছে, চাকরি বাকরি করে জীবন চালাচ্ছে।

লেখার এক জায়গায় তিনি বলেছেন, জবর--দখল করে ক্ষমতা পাওয়া গজিয়ে ওঠা রাজনীতিবিদ বলেই চুরি করার সাহস পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য গালি খেতে হয় রাজনীতিবিদদের। এরা কি রাজনীতিবিদ?

তিনি বলেছেন, স্বাধীনতার ছত্রিশ বছরের মধ্যে সাড়ে পঁচিশ বছর তো এই শ্রেণীর হঠাৎ গজিয়ে ওঠা রাজনীতিবিদরাই দেশ চালিয়েছেÑÑতারা কী দিয়েছে দেশকে আর নিজেরা কি নিয়েছে দেশ থেকে। তিনি বলেন, এদের হিসাব নিলে সব পরিষ্কার হয়ে যাবে।

প্রবন্ধের একেবারে শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, “সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলার সৎ সাহস দেখান, সেটাই হলো বিবেকের কথা। বিবেক জাগ্রত করুন। তাহলে সততারই জয় হবে। মিথ্যার আশ্রয় নিলে মিথ্যাবাদীরাই উৎসাহিত হবে এবং অনিয়ম বাড়বে। দোষী ও নির্দোষকে এক সঙ্গে দোষারপ করলে দোষীরাই উৎসাহিত হয়। এখানে ব্যালান্স করার ব্যর্থ প্রয়াস না করাই উত্তম।”