স্বচ্ছ ব্যালট বাক্স বানাতে সেনাবাহিনী আগ্রহী
সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বাণিজ্যিক ভিত্তিতে স্বচ্ছ ব্যালট বাক্স বানিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সেনাবাহিনীর মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মেজর আশফাকুল বারী চৌধুরী সম্প্রতি কমিশনকে এক চিঠি দিয়ে এ বিষয়ে কার্যাদেশ পাওয়ার আগ্রহের কথা জানায়।
ওই চিঠিতে বলা হয়, এর আগে তারা কমিশনের জন্য ৪০ হাজার স্টিলের ব্যালট বাক্স বানিয়েছে।
বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনে ওই ৪০ হাজার ব্যালট বাক্স ব্যবহার করার কথা ছিল। কমিশন সূত্র জানায়, এ জন্য তারা এরই মধ্যে প্রায় চার কোটি টাকা ব্যয় করেছে।
এদিকে নির্বাচনে জাল ভোট ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বছর তিনেক আগে কমিশনকে বিনামূল্যে যে স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল, ওই প্রস্তাব এখনও বহাল আছে।
বুধবারই কানাডার রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত করে ইইউর ওই প্রস্তাবের কথা আবারও কমিশনকে স্মরণ করিয়ে দেন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে জানান, নির্বাচনে ধাতব না স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে -- তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, “আমরা সব ধরনের প্রস্তাব যাচাই বাছাই করছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই তা গণমাধ্যমকে জানানো হবে।”
