২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকার ভবিষ্যতের জন্য কিছু দৃষ্টান্ত রেখে যেতে চায়: ইফতেখার

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের ভবিষ্যতের স্বার্থে দৃষ্টান্তমূলক কিছু নীতিমালা তৈরি করে যেতে চায় যাতে পরবর্তী সরকার স্বচ্ছন্দে পথ চলতে পারে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিং--এ একথা বলেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার হচ্ছে পরবর্তী সরকারের জন্য একটি দিক্ নির্দেশক সরকার। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা ভবিষ্যত সরকারের জন্য কিছু উদাহরণ রেখে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যৎ সরকার অবশ্যই তা অনুসরণ করবে।”

মানবাধিকার লঙ্ঘন বিষয়ে উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক মহল থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে কোন অভিযোগ উত্থাপিত হয়নি। বরং তারা সরকারের মানবাধিকার সংরক্ষণের চেষ্টায় সন্তুষ্ট।”

সাম্প্রতিক সময়ে শীর্ষ রাজনৈতিক নেতাদের আটক প্রসঙ্গে তিনি বলেন, “আমি আইন বিশেষজ্ঞ নই। তবে আমার জানা মতে, নির্দিষ্ট অভিযোগ ছাড়া তাদের আটক করা হয়নি।”

কিছু নির্দিষ্ট প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারতের চাপ আছে কিনা জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, “আমাদের স্বার্থ যেন বন্ধু-- অংশীদারদের কারণে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আমরা সচেতন।”

সাংবাদিকদের তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত চাদ--এ আটককৃত ৩৮ বাংলাদেশী সম্পর্কে সরকার তদন্ত করবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির ঢাকায় আগমন সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে তিনি আসবেন।