ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'সংস্কারপন্থিরা' অবস্থান থেকে সরে এলে তাদের সঙ্গে ঐক্য হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি সংস্কারপন্থিদের নাম উল্লেখ না করে বলেন,'' বিএনপি এক আছে। দল ও গঠনতন্ত্র সবই ঠিক আছে। কিছুসংখ্যক নেতা যারা আমার ভাষায় 'বিপদগামী ' হয়েছেন। তারা যেসব কর্মসূচি নিয়েছেন ও যেসব কাজ করেছেন, তা নাকচ করে দিলেই আবার এক হবেন।''
রোববার দুপুরে সংসদ ভবন প্রাঙ্গনের ন্যাম ফ্লাটে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি নির্বাচনের জন্য দেশে রাজনৈতিক পরিবেশ সৃষ্টির পূর্বশর্ত হিসেবে এখনই দুইনেত্রীর মুক্তি ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি পুর্নব্যক্ত করেন।
তিনি বলেন,'' বিএনপির সবকিছুই খালেদা জিয়ার নেতৃত্বে হতে হবে। যারা বিপদগামী হয়েছে, তারা সব কিছু ছেড়ে খালেদা জিয়ার নেতৃত্ব মেনে চললে সব ঠিক হয়ে যাবে। ''
খোন্দকার দেলোয়ার ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্দি শিক্ষকদের মুক্তিও চেয়েছেন। তিনি বলেন ,'' দেশের মানুষ আশা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সন্মানিত পেশায় আছেন। তারা মুক্তি পাবেন। ''
তিনি মামলায় অভিযুক্তদের ন্যায় বিচার নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, "নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে আদালত কাজ করলে ন্যায় বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত হয়। আমরা জরুরী বিধিমালায় নয়, প্রচলিত আইনে মামলাগুলো সুষ্ঠুভাবে হবে এটা চাই। নইলে সুবিচার পাওয়ার বিষয়ে প্রশ্ন থেকে যাবে।''
তিনি দক্ষিণাঞ্চলে সুষ্ঠু ত্রান ব্যবস্থাপনা ও দীর্ঘ মেয়াদে ঋণ সুবিধাসহ কৃষি ঋণ মওকুফের দাবিও জানান।
সংবাদ ব্রিফিঙে যুগ্ম মহাসচিব নজরুল ইসলমা খান, গয়েশ্ব^র চন্দ্র রায়, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, গাজী মো. শাহজাহান জুয়েল, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪২০ ঘ.
bdnews24