২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা রাজনৈতিক দলের শাখা চায়না

যুক্তরাজ্যের অধিকাংশ প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক দলের বিদেশ শাখা চায় না। প্রায় দু'সপ্তাহ যুক্তরাজ্য সফর শেষে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যুক্তরাজ্যের অধিকাংশ প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক দলের বিদেশ শাখা চায় না। প্রায় দু'সপ্তাহ যুক্তরাজ্য সফর শেষে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশীদের ছবিসহ ভোটার তালিকাভুক্তির সম্ভাবনা যাচাই করতে তারা যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, এডিনবরা ও ম্যানচেস্টারে মতবিনিময় সভা করেন। যুক্তরাজ্যে আনুমানিক তিন লাখ প্রবাসী বাংলাদেশী বাস করেন; এদের মধ্যে প্রায় ৮০ হাজার ভোটার। সাখাওয়াত হোসেন বলেন, "আমরা নিজেরা কিছু জানতে চাইনি। কিন্তু বেশীরভাগ প্রবাসীই বলেছেন, তারা রাজনৈতিক দলের বিদেশ শাখা থাকার বিরোধিতা করেন। প্রত্যেকের রাজনৈতিক মতামত থাকতে পারে। কিন্তু প্রবাসীরা বিদেশে রাজনৈতিক দলের অফিস থাকার বিরুদ্ধে। তারা আমাদের বলেছেন, ব্রিটিশ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।" এ সময় সেখানে উপস্থিত অপর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "মতবিনিময় সভাগুলোতে প্রায় ৮০ ভাগ প্রবাসীই রাজনৈতিক দলের বিদেশ শাখার বিরুদ্ধে মতামত দিয়েছেন। কন্ঠভোট দেওয়ার মতো করে তারা এই মত দেন।" প্রসঙ্গত, নির্বাচনী আইন সংস্কার প্রস্তাবে কমিশন রাজনৈতিক দলের বিদেশ শাখা থাকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলগুলোর মতামতের ভিত্তিতে তারা আইন করে বিষয়টি চূড়ান্ত করবে। ছহুল হোসাইন জানান, যুক্তরাজ্যের বেসরকারি টেলিভিশন চ্যানেল এসটিভি প্রবাসী বাংলাদেশীর মধ্যে জনমত যাচাই করে দেখেছে, ৯৫ শতাংশই ভোটার তালিকাভুক্ত হতে চান। তিনি বলেন, "তারা আমাদের দেশের নাগরিক। অনেকের ব্রিটিশ পাসপোর্ট থাকলেও মনেপ্রাণে তারা বাংলাদেশী। এদেশে তারা প্রচুর অর্থ পাঠান। সীমিত আকারে হলেও আমরা তাদের ভোটার করতে চাই।" যুক্তরাজ্যের বড় বড় শহরে পাঁচ - ছয়টি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র খুলে বাংলাদেশী পাসপোর্টধারী প্রবাসীদের ছবিসহ ভোটার তালিকা করা হবে বলে জানালেন সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তাদের দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। তিনি আরও জানান, কিন্তু যাদের শুধু ব্রিটিশ পাসপোর্ট আছে, বাংলাদেশী পাসপোর্ট নেই, এ দেশের নাগরিকত্ব আইন অনুযায়ী কি ভাবে তাদের ভোটার তালিকাভুক্ত করা যায়, সেটি তারা এখন খতিয়ে দেখবেন। শুধু ব্রিটিশ পাসপোর্টধারী দু - তিনটি প্রজন্মের প্রবাসী বাংলাদেশী যুক্তরাজ্যে বসবাস করছে। প্রবাসী বাংলাদেশীরা ভোটাধিকার প্রয়োগ করবেন কি ভাবে, তা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "এটি পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে হতে পারে। দূতাবাসে নির্বাচন কমিশনের শাখা খুলে তাদের ভোট গ্রহণ সম্ভব নয়।" প্রবাসী বাংলাদেশীরা ভোটার হতে খুবই আগ্রহী -- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, "তারা আমাদের বলেছেন, স্বাধীনতার পর থেকেই আমরা ভোটার হওয়ার জন্য আগ্রহের কথা জানিয়ে আসছি। এ জন্য আমরা অনেক প্রতিশ্র"তি পেয়েছি। কিন্তু গত ৩৬ বছরে কেউ এ কাজটি করেনি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএ/১৭৩২ ঘ.