ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলোতে সরকারিভাবে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তা অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন খোন্দকার দেলোয়ারের নেতৃত্বাধীন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
বুধবার বরগুনার বামনা ও গর্জনগুনিয়ায় ত্রাণ বিতরণের সময় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সরকারি ত্রাণ পর্যাপ্ত নয়।"
গর্জনগুনিয়ার অবস্থা বর্ণনা দিতে গিয়ে রিজভী বলেন, "এখানে খাবার পানির তীব্র সঙ্কট। খাবারের ভীষণ অভাব। অসহায়, হতদরিদ্র মানুষ চেয়ে আছে কখন খাবার আসবে।''
দুর্গত মানুষদের উদ্দেশে তিনি বলেন, ''আমাদের নেত্রী কারাবন্দি। তার পক্ষ থেকে আমরা বলতে এসেছি, আপনারা ভেঙে পড়বেন না। বিএনপি সবসময় আপনাদের পাশে আছে, থাকবে।''
পাঁচ সদস্যের একটি ত্রাণ দল নিয়ে রিজভী মঙ্গলবার সকালে বরগুনা পৌঁছান। এরপর দলের হয়ে বামনা, গর্জনগুনিয়া, নলটোনা ও সদর উপজেলায় দুর্গত মানুষদের মধ্যে চাল, ডাল, মোমবাতি, দেশলাই বিতরণ করেন তিনি। বুধবার বামনা ও গর্জনগুনিয়ার কয়েকশ মানুষের রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয়।
ত্রাণ দলে রিজভীর সঙ্গে আছেন সাবেক ছাত্রদল নেতা হাবিব উন নবী সোহেল, মহিউদ্দিন খান মোহন, ওয়াজিউল হক, আরিফুর রহমান ও মারুফ আহসান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এসি/জেকে/এমএ/১৭৪৩ ঘ.
bdnews24