২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মীর শওকত উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েছেন: মেজর হাফিজ

জিয়াউর রহমানকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর গ্রেপ্তারের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ বিষয়ে শনিবার মীর শওকতের করা অভিযোগ নাকচ করে তিনি বলেছেন, "আমি নই, জেনারেল জিয়াকে সেদিন গ্রেপ্তার করতে গিয়েছিলেন ক্যাপ্টেন হাফিজ। ক্যাপ্টেন হাফিজের কর্মকাণ্ডের দায়ভার মেজর হাফিজের ওপর চাপিয়ে দিয়েছেন মীর শওকত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর গ্রেপ্তারের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ বিষয়ে শনিবার মীর শওকতের করা অভিযোগ নাকচ করে তিনি বলেছেন, "আমি নই, জেনারেল জিয়াকে সেদিন গ্রেপ্তার করতে গিয়েছিলেন ক্যাপ্টেন হাফিজ। ক্যাপ্টেন হাফিজের কর্মকাণ্ডের দায়ভার মেজর হাফিজের ওপর চাপিয়ে দিয়েছেন মীর শওকত। এটি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ের চাপানো ছাড়া আর কিছুই নয়।" রোববার দুপুরে বনানীর বাসায় নিয়মিত ব্রিফিংয়ে হাফিজ উদ্দিন আহমেদ মীর শওকত আলীর বক্তব্যকে 'ভুল' দাবি করে নাকচ করে দেন। সাংবাদিকদের তিনি বলেন, "উনি (মীর শওকত) বেগম খালেদা জিয়াসহ দু'জনকে সাক্ষী মেনেছেন। আমিও তাদের সাক্ষী মানি। বেগম খালেদা জিয়া যদি বলেন, আমি সেদিন জেনারেল জিয়াকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। তবে আমি রাজনীতি ছেড়ে চলে যাব।" একটি মহল গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশ করেছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার বিএনপি থেকে পদত্যাগকারী দলের সাবেক সহ সভাপতি মীর শওকত আলী সাংবাদিকদের বলেন, "শুনেছি ৩ নভেম্বর মেজর হাফিজ জিয়াকে গ্রেপ্তার করতে বাসায় গিয়েছিলেন। আমি সেদিন ঢাকায় ছিলাম না। তবে এই গ্রেপ্তারের ঘটনার সঙ্গে কারা ছিলেন তা নিশ্চিতভাবে বলতে পারবেন বেগম জিয়া ও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী ক্যাপ্টেন মহিউদ্দিন।" এর জবাবে মেজর হাফিজ জানান, ৩ নভেম্বর তিনি ৪৬ পদাতিক বিগ্রেডের স্টাফ অফিসার বিগ্রেড মেজর ছিলেন। তখন জেনারেল খালেদ মোশাররফের নির্দেশে সেনাবাহিনীতে অনেক কিছু ঘটেছে। তিনি বলেন, "আমরা নিচের পর্যায়ের সেনা কর্মকর্তা ছিলাম। উপরের কমান্ড থেকে যেসব নির্দেশ আসে, তা পালন করাই সেনা কর্মকর্তাদের দায়িত্ব। এটা সেনাবাহিনী শৃঙ্খলার রীতি।" ১৬ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিজের জড়িত থাকার কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "মীর শওকত আমার অনেক সিনিয়র মুরুব্বী। তিনি বলেছেন, আমি নাকি ছয় বছর ধরে বিএনপিতে আছি। এটি সম্পূর্ণ মিথ্যা। খালেদা জিয়ার অনুরোধে ১৯৯২ সালে আমি বিএনপিতে যোগ দেই।" অস্থায়ী মহাসচিব দাবি করেন, দলের বেশিরভাগ সাবেক সাংসদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে আছেন। তিনি বলেন, "আজকের সংবাদপত্রে দেখলাম ১২২ জন সাবেক সাংসদ খোন্দকার দেলোয়ারকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন। সেখানে যাদের নাম দেওয়া হয়েছে, তাদের অনেকে আমার কাছে আজ টেলিফোন করে জানিয়েছেন ওই বিবৃতির সঙ্গে তাদের সর্ম্পক নেই।" সাবেক সাংসদ লুৎফুর রহমান খান আজাদ, কলিমউদ্দিন মিলন, ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল ইসলাম মনির নাম উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "তারা বিবৃতিতে নাম দেখে অবাক হয়েছেন। এই বিবৃতিটি সঠিক নয়।" বিএনপিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, "আমি মনে করি দলে কোনো বিভক্তির প্রয়োজন নেই। কারাগারে অথবা মুক্ত অবস্থায় খালেদা জিয়াই আমাদের দলের নেত্রী।" সংবাদ ব্রিফি"য়ের সময় চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, সাবেক সাংসদ শাহ আবুল হোসাইন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। এর আগে ভোলার লালমোহন পৌরসভার চেয়ারম্যান এনায়েত কবীরের নেতৃত্বে বিএনপি ও সাবেক মহিলা সাংসদ তাসমিনা রানার নেতৃত্ব্ে মহিলা দলের সদস্যরা নতুন মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এদিকে, শনিবার রাতে খোন্দকার দেলোয়ারের পক্ষে ১২২ জন সাবেক সাংসদের দেওয়া বিবৃতির সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে বিবৃতি দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। রোববার গণমাধ্যমের কাছে পাঠানো প্রতিবাদলিপিতে তিনি বলেন, "এই বিবৃতির সঙ্গে আমার কোনো সর্ম্পক নেই। বিবৃতিতে আমি স্বাক্ষরও করিনি।" এছাড়া সাবেক সাংসদ ডা. জিয়াউল হক মোল্লা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১২২ জনের প্রকাশিত বিবৃতির সঙ্গে অনেক সাবেক সাংসদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন,'' জনগন ও দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্যই একটি মহল এই অসত্য তথ্য গণমাধ্যমে সরবারহ করেছে। আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি, ১২২ জনের মধ্যে ৬২ জনই এ ব্যাপারে কিছুই জানেন না। বিবৃতিতে ৩৩ সাবেক সাংসদের নাম উল্লেখ করা হয়েছে,এরা কারা অন্তরীণ এবং বিভিন্ন কারণে আত্মগোপনে থাকায় তাদের মনোভাবগত অবস্থান জানানো সম্ভব নয়। '' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৭০০ ঘ.