ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বর জাতীয় 'বিপ্লব ও সংহতি দিবস' যথাযোগ্যভাবে পালন ও কারা অন্তরীণ চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আইনী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি।
রোববার সন্ধ্যায় গুলশানে সাইফুর রহমানের বাসায় স্থায়ী কমিটি ২ ঘন্টাব্যাপী বৈঠক করে।
বৈঠকে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সারাদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ৭ নভেম্বর পালনের সিদ্ধান্ত হয়। এসময় কেন্দ্রীয় কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি নেতৃত্ব সার সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বৈঠক অনুষ্ঠানের কথা উল্লেখ করে বলেন,'' এ বৈঠকে মূলত ৭ নভেম্বর পালনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া, দলের সাংগঠনিক বিষয়াদি এবং চেয়ারপার্সনের মুক্তির ব্যাপারে আইনী কার্যক্রম শুরু করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।"
বিএনপিকে তারা আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত করার উদ্যোগ নিচ্ছেন জানিয়ে মাহবুবুর রহমান বলেন, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বৈঠকে যোগ দিয়েছেন। কয়েকজন অসুস্থতার কারণে আসতে না পারলেও বৈঠকের প্রস্তাবের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন বলে তিনি জানান। তিনজন সদস্য বর্তমানে কারাগারে রয়েছেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে আবদুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম ও অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর স্থায়ী কমিটির বৈঠকে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাফিজ উদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৫৮ঘ.
bdnews24