বরিশাল, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল কেন্দ্রীয় কারাগরের ৭১৯ জন হাজতি ও কয়েদী ছবিযুক্ত ভোটার ও জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন। শনিবার থেকে বিশেষ ব্যবস্থায় জেলখানায় আসামিদের ছবি তোলার কাজ শুরু হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরিশাল জেলার ৭১৯ আসামির তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে তাদের ছবি তোলার কাজ শুরু হবে, রোববার পর্যন্ত চলবে।"
কারারক্ষক সৈয়দ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিবার্চন অফিসের নির্দেশনা অনুযায়ী সুপার ভাইজারের মাধ্যমে আমরা আসামিদের তথ্য সংগ্রহ করেছি। আসামিদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে বিশেষ ব্যবস্থায় তাদের ছবি তোলার কাজ শুরু করা হবে বলে নির্বাচন অফিস আমাদেরকে জানিয়েছে।"
জেলখানায় অবস্থানরত অপর ৫টি জেলার আসামিদের ভোটার তালিকাভুক্ত না করার কারণ হিসেবে মনিরুল ইসলাম বলেন, "এবার জেলা ভিত্তিক ভোটার তালিকার তথ্য সংগ্রহ ফরম তৈরি করা হয়েছে। যেহেতু বরিশাল ছাড়া বিভাগের অপর জেলাগুলোতে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় নি, তাই ওইসব জেলার আসামিদের ভোটার তালিকাভূক্ত করা যাচ্ছে না।"
তবে অপর জেলাগুলোতে ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ শুরু হলেই বিশেষ ব্যবস্থায় ওইসব জেলার আসামিদেরও ভোটার তালিকাভূক্ত করা হবে বলে তিনি জানান।
নির্বাচন কর্মকর্তারা জানান, কারাগারের ৭১৯ জন আসামির তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। এদের মধ্যে ৮৪ জন সিটি কর্পোরেশনের বাসিন্দা। বাকি আসামিরা বরিশালের ১০টি উপজেলার অধিবাসী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জিএনএ/১৩১০ ঘ.
bdnews24