ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, নেতা নির্বাচিত হওয়াই বড় কথা নয়, বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে হবে।
তিনি বলেন, "কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা কে নেতা হলেন সেটা বড় কথা নয়; জিয়ার দর্শনকে এগিয়ে নেওয়াই আমাদের কাজ। বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা চাই; আমাদের মনে রাখতে হবে এই দল সবার।"
মঙ্গলবার সকালে গুলশানে জালালাবাদ হাউজে এম সাইফুর রহমানের সঙ্গে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের উদ্দেশে এ কথা বলেন।
সোমবার গভীর রাতে দলের স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিযুক্ত করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুর রহমান বলেন, "রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আমার রাজনৈতিক নেতা, এই দলে আমি ১৯৭৭ সাল থেকে আছি; আমার সঙ্গের অনেকেই চলে গেছেন, কিন্তু আমি জাতীয়তাবাদী দলের দর্শন থেকে বিচ্যুত হইনি। আমাদের বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করতেই হবে।"
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, "দেশ এক যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে। বিএনপির বিরুদ্ধে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র হতে পারে। এজন্য আমার জাতীয়তাবাদী শক্তি এ দলকে রক্ষায় সবাইকে একতাবদ্ধ হওয়া চাই।"
অনুষ্ঠানে এ এইচ এম মোফাজ্জাল করিম ও নূরুল হুদা চৌধুরী, সাইফুর রহমানকে দলের নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এ সময় সাবেক সাংসদ আব্দুল খালেক ঝণ্টু, জহির উদ্দিন স্বপন, আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম ও দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত ছিলেন।
এদিকে, বনানীর বাসায় দলের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকেও নতুন দায়িত্বভার নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে।
হাফিজউদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, " আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দলে কোনো বিভক্তি সৃষ্টি করা যাবে না। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারা অন্তরীণ আছেন; তাই বলে দলের কাজ থেমে থাকবে না। তার নির্দেশ নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করে তুলতে হবে।"
তিনি দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সংগঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাবেক শিক্ষান্ত্রী ড. ওসমান ফারুক, এ এইচ এম মোফাজ্জল করিম, ফজলুল আজিমসহ দলের সাবেক সাংসদ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১২২০ ঘ.
bdnews24