যশোর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গত বছর ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ড নিয়ে এখনও মিথ্যাচার চলছে। ওই দিন জামায়াত-শিবির কর্মীরাই পার্টি কর্মী ও যুবমৈত্রী নেতা রাসেল আহমেদ খানকে হত্যা করেছে।
সোমবার বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামে রাসেলের কবর জিয়ারতের পর মেনন সাংবাদিকদের বলেন, "যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করে তারা রাসেল হত্যা নিয়েও মিথ্যাচার করতে পারে।"
তিনি বলেন "সেনাপ্রধান যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছিলেন। কিন্তু এদের বিচার এখনও শুরু হয়নি। এখন চিৎকার করা হচ্ছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি, হয়েছে গৃহযুদ্ধ।"
মেননের সফরসঙ্গী ছিলেন - পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, অধাপক আফসার আলী প্রমুখ।
এর আগে নেতারা রাসেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান।
রাসেলের বাবা শফিউদ্দিন খান সরকারের কাছে ছেলে হত্যার বিচার দাবি করেন।
রাসেল আহমেদ খান ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে মিছিল করার সময় গুলিতে নিহত হন। তিনি বাড্ডা থানা যুব মৈত্রীর সহ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন।
রাসেল হত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টি ও এর অঙ্গসংগঠনগুলোর যশোর, নড়াইল ও মাগুরাসহ কয়েকটি জেলার নেতাকর্মীরা তার কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/০২১৪ ঘ.
bdnews24