ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাগুলো কেন বেআইনি ঘোষণা করা হবে না সরকার ও দুর্নীতি দমন কমিশনকে তার কারণ জানাতে বলেছে আদালত।
ব্যারিস্টার মওদুদ আহমদ ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা দুটি করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আনা হয় তথ্য গোপন ও অসঙ্গত সম্পদ থাকার। অন্যদিকে সাড়ে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন কুমিল্লায় তার নির্বাচনী এলাকার এক ব্যক্তি।
এই তিনজনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
চার কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী মামলাটি দায়ের করেন।
৫ লাখ ৩৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে গত ১১ মার্চ কুমিল্লার দাউদকান্দি থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার বড় ভাই আবদুস সালাম ভূঁইয়া।
ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয় গত ৮ মে। তার বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মোশাররফ ও মওদুদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২৩২৬ ঘ.
bdnews24