ঢাকা, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এনজিও প্রশিকার প্রধান কাজী ফারুক আহমেদ ও তার এক ছেলেকে যৌথবাহিনী বুধবার মধ্যরাতের পর বাসা থেকে নিয়ে গিয়ে তার অফিসে তল্লাশি চালিয়ে পৌনে তিনটার দিকে ছেড়ে দিয়েছে।
বুধবার রাতে যৌথবাহিনী কাজী ফারুক ছাড়াও দুই রাজনৈতিক নেতার বাসায়ও অভিযান চালায়। এ নেতা দু'জন হলেন এলডিপি মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম এবং আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ অ্যাডভোকেট রহমত উল্লাহ।
যৌথবাহিনী কাজী ফারুক ও তার বড় ছেলে প্রশিকার আইটি বিভাগের প্রধান রুবায়েত আহমেদকে পল্লবীর বাড়ি থেকে রাত ২ টার দিকে নিয়ে যায় বলে তার একান্ত সচিব তারেক মফিদুর রহমান জানান। তাদেরকে মীরপুর ২ নম্বরে অবস্থিত প্রশিকা অফিসে নিয়ে যাওয়া হয় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আবু নোমান সজীব জানান। সেখানে ৮ তলায় কাজী ফারুকের চেম্বার এবং ৪ তলায় রুবায়েতের কক্ষে তল্লাশি চালানো হয়।
এর আগে রাত ১০ টার দিকে কাজী ফারুক আহমেদের পল্লবী বি ব্লকের ৩ নম্বর সড়কের ৫০ নম্বর বাড়িতে অভিযান শুরু করা হয় । এসময় তিনি বাসায় ছিলেন না। রাত ১টা ২০ এ কাজী ফারুক বাড়িতে ফেরেন। বাড়িতে তার স্ত্রী শাহানা আহমেদ ও বড় ছেলে কাজী রুবায়েত আহমেদ ছিলেন।
এর কিছু আগে প্রশিকার উপ-পরিচালক আবু সাইদ এবং শেখ শাহিদ হোসেন বাড়ির সামনে এসে পৌঁছান। কাজী ফারুকের স্ত্রী তাদের বাড়িতে ঢোকার অনুরোধ করলেও পুলিশ অনুমতি দেয়নি।
বুধবার রাতে সবার আগে অভিযান শুরু হয় এলডিপি মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগমের বাসায়। জাহানারা বেগম বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌথবাহিনীর সদস্যরা আমার বাসায় আছেন। তারা আমার সঙ্গে কথা বলছেন ও জিজ্ঞাসাবাদ করছেন।"
জাহানারা বেগমের বাসায় রাত ১০ টার দিকে যৌথবাহিনীর এ অভিযান শুরু হয়।
এদিকে আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ অ্যাডভোকেট রহমত উল্লাহর গুলশান ২ ১১/এ রোডের ১১০ নম্বর বাসায়ও অভিযান চালায় যৌথবাহিনী। তবে এসময় তিনি বাসায় ছিলেন না।
যৌথবাহিনীর সদস্যরা রহমত উল্লাহর মেয়ে অনি ও তার স্বামী হায়াতকে জিজ্ঞাসাবাদ করে চলে যান বলে বাড়ির নিরাপত্তারক্ষী জালালউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে জানান। তিনি আরো জানান, নিরাপত্তবাহিনীর সদস্যদের মধ্যে ছিলেন ১০/১২ জন সেনাসদস্য ও সাদাপোশাকের ২জন । ১০টা ৪৫ থেকে ১১টা ৪৫ পর্যন্ত এ অভিযান চলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এএনএস/এএইচডি/এসকে/০৩১০ঘ.
bdnews24