২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে জরুরি অবস্থা জারি করার দরকার ছিল না : ১১ দল

দেশে জরুরি অবস্থা জারি করার দরকার ছিলো না বলে মত প্রকাশ করেছেন বাম রাজনৈতিক দলগুলোর জোট ১১ দলের নেতারা। তারা ভোটার আইডি কার্ডের অজুহাতে নির্বাচন দিতে দেরি না করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 07:08 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মঙ্গলবার বিকালে শহীদ আসাদ মিলনায়তনে ওর্য়াকার্স পার্টির সাবেক সভাপতি অমল সেন স্মরণে আলোচনা সভায় জরুরি অবস্থা, সেনা অভিযানসহ নানা বিষয়ে খোলাখুলি মন্তব্য করেন জোটের নেতাসহ অন্য বক্তারা।

ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “এই জরুরি অবস্থার দরকার ছিল  না। জরুরি অবস্থা জারি করে সমস্যার সমাধান হবে না।”

তিনি বলেন, “অবিলম্বে নির্বাচন দিতে হবে। আইডি কার্ডের অজুহাত দেখিয়ে নির্বাচন বিলম্বিত করা যাবে না।” তিনি ২২ জানুয়ারির নির্বাচন শিগগিরই বাতিল করার দাবি জানান।

মেনন বলেন, “চট্টগ্রামে আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে। এটা আমরা মানতে পারি না।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “লুটেরা, ধনতন্ত্র ও সাম্রাজ্যবাদ--এই তিন শক্তি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। দ্বি-দলীয় মেরুকরণ দিয়ে সংকট সমাধানে ব্যর্থ হয়ে তারা এখন নীলনকশা চাপিয়ে দিতে চাচ্ছে।”

তিনি আরো বলেন,“জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামই সংকট থেকে উত্তরণের পথ রচনা করতে পারে। জরুরি অবস্থা জারি করে নয়।”

ওর্য়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, “প্রগতিশীল মানুষের পক্ষে জরুরি অবস্থা মেনে নেওয়ার কোনো মানে নেই। জনগণের অধিকার খর্ব করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমরা তা গ্রহণ করতেও পারি না।”

বিশিষ্ট কলামিষ্ট ফয়েজ আহমেদ বলেন, “এটা জরুরি অবস্থা নয়। এটা সামরিক অধ্যাদেশ। আমরা এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণ করতে পারি না।”

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন নুরুল ইসলাম, হাজী আব্দুস সামাদ, দিলীপ বড়ূয়া, ডা.ওয়াজেদুল ইসলাম, আজিজুর রহমান, নুরুল হাসান এবং মাঈনুদ্দিন খান বাদল।