প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন ফখরুদ্দীন, সান্ধ্য আইন প্রত্যাহার
তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রধান হিসেবে শপথ নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. ফখরুদ্দীন আহমদ। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭ টায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
এর আগে বিকাল ৪ টায় রাজধানীসহ সারাদেশের মহানগর ও জেলাসদরগুলোতে জারি করা সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়। নির্বাচন কমিশন স্থগিত করে ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা হিসেবে ড. ফখরুদ্দীন আহমদকে সংবিধানের ৫৮(গ) ধারা অনুসারে শপথ পড়ানোর সময় দুই পাশে সাবেক দুই রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে বসেছিলেন শেখ হাসিনা। তবে অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন চারদলের কাউকে দেখা যায়নি।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক দুই প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমান, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, সদ্য পদত্যাগকারী উপদেষ্টারাসহ সরকারি ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীসহ আরও কয়েকটি দেশের ক’টনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত শপথ শেষে চা-পানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকারের নয় উপদেষ্টাও এসময় পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় বিচারপতি ফজলুল হককে।
শুক্রবার দুপুরের দিকে বঙ্গভবনের দায়িত্বশীল একটি সূত্র নফহবংি২৪.পড়স কে জানায়, তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রধান উপদেষ্টা হিসাবে সন্ধ্যায় শপথ নেবেন ড. ফখরুদ্দীন আহমদ। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল আমন্ত্রণপত্র পাওয়ার কথা নফহবংি২৪.পড়স -এর কাছে স্বীকার করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছি।
প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া ড. ফখরুদ্দীন আহমদ ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরের বছর একই বিষয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯৭৮ সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
১৯৭৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এরপর তিনি চারবছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৫ সালের ১ জুনে তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন।
এদিকে, শুক্রবার বিকেলেই রাজধানীসহ সারাদেশের মহানগর ও জেলাসদরগুলোতে জারি করা সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়। তবে জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক মতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “বিকেল চারটায় সান্ধ্য আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে একটি নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।”
অন্যদিকে, ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন।
জরুরি অবস্থা ঘোষণা ও রাষ্ট্রপতির ভাষণের পর শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান ও অপর তিনজন কমিশনার মাহমুদ হাসান মানসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মোহাম্মদ সাইফুল আলম পরিস্থিতি পর্যালোচনার জন্য সকাল ১১ টায় এক অনির্ধারিত বৈঠকে বসেন। কমিশন সচিব আব্দুুর রশীদ সরকার ও অতিরিক্ত সচিব মো. জকরিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে সারাদেশে নির্বাচনী উপকরণ পাঠানোর কথা ছিল। এ জন্য বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জেলা ও উপজেলা নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নেয়ার জন্য কমিশন সচিবালয়ে আসেন। এসব উপকরণ জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় পাঠানোর জন্য কয়েকটি ট্রাক ও বিপুল সংখ্যক পুুলিশ আনা হয়।
কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা জেলা ও উপজেলা কর্মকর্তাদের জানিয়ে দেন রাষ্ট্রপতির ভাষণের পর ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
উপসচিব (নির্বাচন) মীর সরওয়ার মোরশেদ নফহবংি২৪.পড়স কে জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতির ভাষণের পর সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, এফবিসিসিআই শুক্রবার বিকেলে চেম্বার ভবনে এক জরুরি বোর্ড সভায় জরুরি অবস্থা জারিকে স্বাগত জানায়।
শীর্ষ ব্যবসায়ী সংগঠনটি মনে করে, জরুরি অবস্থা ঘোষণায় অর্থনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে। এছাড়া সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথকে সুগম করবে।
অন্যদিকে, বাংলাদেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাসের বিশেষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিজেদের মধ্যে মতভেদের সমাধান করার জন্য আলোচনায় অংশ নিতে এবং সংঘাত থেকে বিরত থাকার জন্য আমরা সব সময় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছি। আমরা দুঃখিত যে তারা অচলাবস্থা কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে এবং সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।”
যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী এক বিবৃতিতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটকে দুর্ভাগ্যজনক মন্তব্য করে জনগণের নিরাপত্তা, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় সরকার ও সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ শুক্রবার রাতে রাজনৈতিক অচলাবস্থার কারণ দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, দু এক দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে।
ভাষণে রাষ্ট্রপতি ২২ জানুয়ারির নির্বাচন পেছানোর সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, সংবিধানের বাধ্যবাধকতা অনুযাযী একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়।
জাতির উদ্দেশে দেয়া ১৪ মিনিটের ভাষণে এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, অর্থনীতিকে সচল রাখার লক্ষ্যে জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না।
ভাষণে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন স্বীকার করেন ২৯ অক্টোবর তিনি প্রধান উপদেষ্টার পদ নেওয়ার পর বিতর্ক সৃষ্টি হয়।
তিনি বলেন, “এই বিতর্ক দেশ ও জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। জাতিকে নিয়ে নিয়ে গেছে বিপরীতমুখী দুই ধারায়। এই বিতর্ক অবসানে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
রাষ্ট্রপতি বলেন , “দু একদিনের মধ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে। এর আগ পর্যন্ত জ্যেষ্ঠতম উপদেষ্টা ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।”
মাত্র দুদিন আগেও সংবিধান রক্ষায় ২২ তারিখে নির্বাচন করায় অটল থাকার কথা বললেও ভাষণে ইয়াজউদ্দিন সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ নং ধারা উদ্ধৃত করে বলেন, “সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে একটি নির্ভুল ভোটার তালিকা ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।”
তিনি বলেন, “নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হলে সেটি ত্র“টিযুক্ত ও প্রশ্নসাপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নয়।”
ভাষণে তিনি বেশ কয়েকবার তিনি নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও দেশে--বিদেশে এর গ্রহণযোগ্যতার ওপর জোর দেন।
প্রধান দুই রাজনৈতিক জোটের সমালোচনা করে বলেন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের অসহিষ্ণুতা ও বিরোধের কারণে সহিংসতা প্রকট আকার ধারণ করে। দেশে কমবেশি সবাই এখন জানমালের নিরাপত্তাহীনতায় আক্রান্ত। রাষ্ট্রপতি বলেন এ অবস্থার অবসান প্রয়োজন।
এদিকে, বেসরকারি টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) রাত ৮টার দিকে ফোন করে নিজস্ব খবর প্রচার বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরই টিভিগুলো খবর প্রচার বন্ধ করে দেয়।
