ব্যালট পেপার মুদ্রণের দায়িত্বে ৬ ওএসডি কর্মকর্তা
নির্বাচনী ব্যালট পেপার মুদ্রণ, বিতরণ ও পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের ছয়জন উপসচিব পর্যায়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি)।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার ওই ছয় ওএসডি উপ-সচিবকে মুদ্রণ, লেখনী সামগ্রী, ফরম ও প্রকাশনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়াও তিনজন যুগ্ম সচিব পদে রদবদল ও সংস্থাপন মন্ত্রণালয়ের তিনজন উপ--সচিবের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে।
নির্বাচনী ব্যালট পেপার মুদ্রণ, বিতরণ ও পর্যবেক্ষণের দায়িত্ব পাওয়া ছয় ওএসডি উপসচিব হলেন ওয়াহিদুল ইসলাম খান, ইলিয়াস ভূঁইয়া, ড. মোহাম্মদ আব্দুস ছালাম, আমিনুর রহমান, মোশতাক হাসান এবং খোরশিদ আলম।
এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইকবালকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মুশফিকুর রহমানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ফরিদপুরের প্রাক্তন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) নাসির উদ্দিন খানকে অভ্যন্তরীণ নৌ--পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক নিয়োগ করা হয়েছে।
এ ছাড়াও পিরোজপুর ও পঞ্চগড় জেলার চারজন সহকারী কমিশনারকে নিজ নিজ জেলার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
এই চার কর্মকর্তা হলেন- পঞ্চগড়ের সিনিয়র সহকারী কমিশনার ইউসুফ আলী ও সহকারী কমিশনার তানভীর আহমেদ এবং পিরোজপুরের সিনিয়র সহকারী কমিশনার শারমীন জাহান ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুস সামাদ।
