২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: কানাডীয় রাষ্ট্রদূত

কানাডার রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা আর্ন্তজাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) আয়োজিত ‘নারী সাংবাদিকদের মুখোমুখি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মহাজোটের বর্জন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “দেশের বৃহত্তম জোটের নির্বাচন বয়কটের সিদ্ধান্তে আমি অত্যন্ত উদ্বিগ্ন ও হতাশ।”

সংকট নিরসনে আলোচনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আপস ও ঐকমত্যই হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। বাংলাদেশের বর্তমান সংকট রাজনৈতিক, আইনগত নয়। এ জন্য সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন।”

সংকট সমাধানে বিদেশি দূতাবাসগুলোর ভূমিকা সম্পর্কে তিনি বলেন,  “কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কূটনীতিকদের কাজ নয়। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে আমরা রাজনৈতিক দলগুলোকে দূরত্ব কমানোর আহ্বান জানাই এবং সহায়তা করি।”

রাজনীতিবিদরা একসঙ্গে মিলে একটি সমাধান বের করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কানাডার রাষ্ট্রদূত রাজনৈতিক সহিংসতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, “নিরাপত্তার স্বার্থে  আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিসিডিজেসির প্রেসিডেন্ট ও আমাদের সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান বক্তব্য রাখেন।