২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কে বলেছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না: এম কে আনোয়ার

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার মনে করেন, মহাজোট নির্বাচন বর্জন করার পরেও ২২ জানুয়ারির নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সোমবার বিকেলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমকে আনোয়ার পাল্টা প্রশ্ন করেন, “কে বলেছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না?”

একতরফা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কি-- এ প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী  জোর দিয়ে বলেন, “অবশ্যই।”

 ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে তিনি কমিশনে এসেছিলেন।

৯০ দিনের মধ্যে নির্বাচন করা গুরুত্বপূর্ণ, না একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা গুরুত্বপূর্ণ-- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুটিই জরুরি।”

প্রায় এক ঘন্টার সাক্ষাত অনুষ্ঠানে এমকে আনোয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মোফাজ্জল করিম এবং জামায়াত নেতা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার।

এমকে আনোয়ার বলেন, “সব রাজনৈতিক দল এক হলেই সংবিধান বদলে যাবে না।”

তিনি ২০০১ সালের ১২ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য উদ্ধৃত করে বলেন, “তখন তিনি বলেছিলেন, ৯০ দিনের মধ্যেই নির্বাচন হেেত হবে; এই নির্ধারিত সময় অতিক্রম করা যাবে না। অথচ এখন তিনি নিজেই ওই অবস্থান থেকে সরে যাচ্ছেন।”

এর পর পরই ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমানও অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন, “সব দল এক হলেও সংবিধান বদলাবো কী ভাবে?”