২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে মনোনয়ন পত্র প্রত্যাহার

মহাজোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণার পরপরই সারাদেশে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে শুরু করেন জোট নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

প্রথমে ১৪ দলের সমন্বয় আবদুল জলিলের নেতৃত্বে মহাজোটের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

চট্টগ্রাম: ১৫ আসনে মনোনয়নপত্র জমাদানকারী ২১৪ জনের মধ্যে বুধবার ১০১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সিটি মেয়র ও ১৪ দলের বিভাগীয় সমন্বয়ক এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহাজোটের নেতারা বিভাগীয় কমিশনারের অফিসে গিয়ে বিকাল পৌনে ৩ টায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এ ছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চট্টগ্রাম-৯ ও ১০ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম বিএসসি।

প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ও হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্তও চট্টগ্রাম--৯ আসন থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

অপরদিকে, জেলার ১২ আসনে ১৪৯ জন জমাদানকারীর মধ্যে ছয়টি মনোনয়ন পত্র বাতিল হয়েছিল। বুধবার মহাজোট ও স্বতন্ত্রদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৬০ জন।

রাজশাহী: বেলা ২ টার দিকে রাজশাহী পাঁচটি আসনের জোট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-- ২ আসনের ফজলে হোসেন বাদশা, রাজশাহী -৩ আসনের সরদার আমজাদ হোসেন, রাজশাহী -- ৪ আসনের তাজুল ইসলাম মো. ফারুক এবং রাজশাহী-৫ আসনের খায়রুজ্জামান লিটন নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে একসঙ্গে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

এসময় সেখানে উপস্থিত মহাজোটের নেতাকর্মীদের উদ্দেশে তারা বলেন, নির্বাচনের মাত্র কয়েকদিন হাতে আছে। অথচ ভোটার তালিকা এখনও তৈরি হয়নি। প্রার্থী বা ভোটার কারোরই নিরাপত্তা নেই। কাজেই এ মুহূর্তে নির্বাচনে অংশ নেওয়া মানে পাতানো ফাঁদে পা দেওয়ার শামিল। 

সিলেট: সিলেট -১ আসনের (সদর ও কোম্পানীগঞ্জ) মহাজোট মনোনীত প্রার্থী আবুল মাল আবদুল মুহিত বুধবার বেলা ২টা ৬ মিনিটে জেলা নির্বাচন কমিশনে গিয়ে তার নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

গাড়ি বহর নিয়ে প্রবাসী প্রার্থীসহ অন্য প্রার্থীরা বেলা ২টা থেকেই জেলা নির্বাচন অফিসে সমবেত হয়ে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

বগুড়া: মোট ৬৩ জন প্রার্থীর মধ্যে মহাজোট ও স্বতন্ত্র মিলে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। জেলার গাবতলী আসনে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের আর কোনো প্রতিদ্বন্দ্বীই থাকলো না।

ময়মনসিংহ: ১২টি আসনে মোট ৭৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টির রওশন এরশাদ, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, মহাজোটের বিদ্রোহী প্রাথী মতিউর রহমান, আওয়ামী লীগের আলতাফ হোসেন গোলন্দাজ, রাশিদা কে মহীউদ্দিন। 

দিনাজপুর: ছয়টি আসনের মোট ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় অবশিষ্ট প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১৬। জেলা নির্বাচনী কর্মকর্তার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাসান আহমেদ জানান, এখন ১৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

হবিগঞ্জ:  চারটি আসনে মোট ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখানে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৫৭ জন।  এর মধ্যে ছয়জনের প্রার্থিতা বাতিল হয়ে যায়।

বাগেরহাট: চারটি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মোট ৫৩ জন। এর মধ্যে বাগেরহাট-- ১ আসনে চারজন, বাগেরহাট-- ২ আসনে সাতজন, বাগেরহাট-- ৩ আসনে চারজন এবং বাগেরহাট-- ৪ আসনে চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

পঞ্চগড়: দুটি আসনে মহাজোট মনোনীত ও তাদের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন পঞ্চগড়--১ আসনের মহাজোটের প্রার্থী জাসদ নেতা মো. নাজমূল হক প্রধান, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ--সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল হক। এ ছাড়া গণতান্ত্রিক জাতীয় পার্টির (গজাপা) সভাপতি শফিউল আলম প্রধানের পক্ষে জেলা নেতৃবৃন্দ নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এলডিপির এম দেলওয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাজী নাবিল আহমেদ, জাতীয় পার্টি (মঞ্জু) মো.  আশরাফুল ইসলামও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এদিকে, পঞ্চগড় --২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের পক্ষে নেতাকর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল সহকারে বোদা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। একইসময় সিপিবির প্রার্থী আশরাফুল আলমও মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নারায়ণগঞ্জ: জেলার পাঁচটি আসনে ৩১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। এদের মধ্যে মহাজোটের পাঁচজন ছাড়াও বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন। সিপিবি ও বাসদের আছেন চারজন প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা হামিদুল হক জানান, পাঁচটি আসনে মোট ৭০টি মনোনয়ন পত্র জমা পড়েছিল। এদের মধ্যে খেলাপি ঋণের অভিযোগে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়।

বান্দরবান: ১০ জন প্রার্থী  তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে বীর বাহাদুর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশে, জেলা বিএনপির মাম্যাচিং কেন্দ্রীয় পরামর্শে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।

রাজবাড়ী: দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

রাজবাড়ীর ১ আসনে মহাজোটের প্রার্থী কাজী কেরামত আলী, এলডিপির অধ্যাপিকা জাহানারা বেগম, জেলা জাতীয় পার্টির (এ) সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও গোলাম মোস্তফা, মাসুদুর রহমান, আবদুল ওহাব তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

রাজবাড়ী - ২ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন মহাজোটের প্রার্থী জিল্লুর হাকিম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা জাহানারা বেগম, জেলা জাতীয় পার্টির (এ) কমিটির সদস্য আব্দুল মতিন মিয়া ও এবিএম নুরুল ইসলাম, বিএনপির ফাহিমা রুমি, সুরুজ মুন্সি, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মিয়া, অ্যাডভোকেট এ এন এম সাহিদুল ইসলাম, স্বতন্ত্র নুরুদ্দিন মিয়া ও গোলাম মোস্তফা।

চাঁদপুর: ছয়টি আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন মোট ৫২ জন। এর মধ্যে চাঁদপুর--১ (কচুয়া) আসনে ছয়জন, চাঁদপুর--২ (মতলব উত্তর) আসনে তিনজন, চাঁদপুর -- ৩ (মতলব দক্ষিণ- চাঁদপুর সদরের একাংশ) আসনে ১০জন, চাঁদপুর -- ৪ (চাঁদপুর সদর--হাইমচর) আসনে ১৬ জন, চাঁদপুর--৫ (হাজীগঞ্জ--শাহরাস্তি) আসনে ১০ জন এবং চাঁদপুর--৬ (ফরিদগঞ্জ) আসনে সাতজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

পটুয়াখালী: চারটি আসনে মহাজোটের চার প্রার্থীসহ মোট ২২ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।

পটুয়াখালী--১ আসনে মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শওকত ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মোশতাক আহমেদ পিনু মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

পটুয়াখালী--২ আসনে মহাজোট প্রার্থী আ স ম ফিরোজসহ মোট চারজন, পটুয়াখালী--৩ আসনে মহাজোট প্রার্থী ও সাবেক মন্ত্রী আখম জাহাঙ্গির হোসাইনসহ ছয়জন এবং পটুয়াখালী--৪ আসনে মহাজোট প্রার্থী মাহবুবুর রহমান তালুকদারসহ সাতজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

মুন্সিগঞ্জ: চারটি আসনে মহাজোটের প্রার্থীসহ মোট ২৮ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।

মুন্সিগঞ্জ -১ আসনে মহাজোট প্রার্থী ও এলডিপির সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী, আওয়ামী লীগের  বিদ্রোহী প্রার্থী বাবু সুকুমার রঞ্জন ঘোষ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মো. আবদুল্লাহ সহ মোট ৯ জন, মুন্সিগঞ্জ -২ আসনে মহাজোট প্রার্থী ও এলডিপির সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ মোট চারজন,  মুন্সিগঞ্জ-৩ আসনে বদরুদ্দোজা চৌধুরী, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম ইদ্রিস আলী, আওয়ামী লীগের  বিদ্রোহী প্রার্থী  মাহবুব উদ্দিন আহমেদসহ ছয়জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মুন্সিগঞ্জ -৪ আসনে মহাজোট প্রার্থী মো. মহিউদ্দিনসহ নয়জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

বরগুনা: তিনটি আসনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।

বরগুনা-১ আসনে মহাজোট প্রার্থী মো. দেলোয়ার হোসেনসহ সাতজন, বরগুনা --২ আসনে মহাজোট প্রার্থী গোলাম সবুর টুলুসহ আটজন ও বরগুনা --৩ আসনে মহাজোট এর গোলাম সরোয়ার ফোরকানসহ চারজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

জয়পুরহাট: দুটি আসনে মোট ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

জয়পুরহাট -১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল আলম দুলু , আওয়ামী লীগের খন্দকার ওলিউজ্জামান আলম, জয়পুরহাট পৌরসভার চেয়ারম্যান ফজলুর রহমানসহ নয়জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

জয়পুরহাট -২ আসনে জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

সিরাজগঞ্জ: সাতটি আসনে মহাজোট প্রার্থীসহ মোট ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। সিরাজগঞ্জ -১ (কাজীপুর) আসনে চারজন, সিরাজগঞ্জ -২ (সদর) আসনে পাঁচজন, সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ছয়জন, সিরাজগঞ্জ --৪ (উল্লাপাড়া) আসনে একজন, সিরাজগঞ্জ --৫ (বেলকুচি-কামারখন্দ) আসনে ছয়জন, সিরাজগঞ্জ -৬ (চৌহালী) আসনে ১১ জন ও সিরাজগঞ্জ-৭ (শাহাজাদপুর) আসনে সাতজন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

চুয়াডাঙ্গা: দুটি আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগের সোলায়মান হক জোয়াদ্দার সহ মোট ৯ জন ও চুয়াডাঙ্গা ২ আসনে এলডিপির নবী চৌধুরীসহ ৫ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

ফরিদপুর: পাঁচ আসনে মহাজোটের প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে মহাজোটের আব্দুর রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী যুবদল নেতা মনিরুজ্জামান মনির ও এলডিপির কাজী ফরহাদ আব্বাম প্রিন্স।

ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে মহাজোটের সৈয়দা সাজেদা চৌধুরী, মহাজোটের বিদ্রোহী প্রার্থী সোলায়মান আলীসহ ছয়জন।

ফরিদপুর-৩ (সদর) আসনে মহাজোটের প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের আলী আহসান মো. মুজাহিদ সহ মোট আটজন।

ফরিদপুর-৪ (চরভদ্রাসন-সদরপুর) আসনে আওয়ামী লীগের এ কে আজাদ সহ মোট ১৫ জন।  এ আসনে মহাজোটের প্রার্থী পীরজাদা আমীর ফয়সাল (জাকের পার্টি) মনোনয়ন পত্র জমা দেননি।

ফরিদপুর--৫ (ভাঙ্গা) আসনে মহাজোটের প্রার্থী কাজী জাফরউল্লাহ সহ মোট পাঁচজন।

কুড়িগ্রাম: জেলায় ৪টি নির্বাচনী আসনে মহাজোটের প্রার্থীসহ মোট ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। কুড়িগ্রাম--১ (নাগেশ্বরী--ভুরুঙ্গামারী) আসনে ছয় জন, কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট--ফুলবাড়ি) আসনে দশ জন, কুড়িগ্রাম-৩ ( উলিপুর) আসনে আটজন, কুড়িগ্রাম-৪ ( চিলমারী--রৌমারী--রাজিবপুর) আসনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

খুলনা: ছয়টি আসনে মহাজোটের ২৫ জন, বিএনপির বিদ্রোহী প্রার্থী ৭ জন ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে।

নওগাঁ: জেলার ৬টি আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইসরাফিল আলম ও এলডিপি নেতা আলমগীর কবিরসহ মহাজোট, ন্বতন্ত্র ও অন্যান্য দলের মোট ৫৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে নওগাঁ- ৩ আসনে ১০ জনের মধ্যে ৯ জন প্রার্থীই মনোনয়ন পত্র প্রত্যাহার করায় একমাত্র প্রার্থী হচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্ন।

ব্রাহ্মণবাড়িয়া: ছয়টি নির্বাচনী আসনে মহাজোটের সকল প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। ৯১ জন প্রার্থীর মধ্যে মোট ৫৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।

সাতক্ষীরা:  জেলার ৫টি আসনে মহাজোটের পাঁচজন সহ মোট ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। জেলার সবগুলো আসন থেকে আসা এই প্রার্থীরা তাদের সমর্থক ও কর্মীবাহিনী নিয়ে মিছিল করে এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে।