২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশের চেষ্টা, পুরো এলাকা রণক্ষেত্র, পুলিশসহ আহত শতাধিক, আপডেট

আওয়ামী লীগের দুই পক্ষ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শুক্রবার সকালে রণক্ষেত্রে পরিণত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে আওয়ামী লীগের একটি গ্র“প সমাবেশ করতে যাওয়ার পথে পুলিশ ও প্রতিপক্ষ গ্র“প তাতে বাধা দেয়। এসময় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওসিসহ ১৫ পুলিশ এবং উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়।

পুলিশ সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে ও বেধড়ক লাঠিচার্জ করে।

সংঘর্ষে গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর ১৫ জনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফ শুক্রবার সকাল ১০ টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ আহ্বান করেন। সমাবেশে ওরিয়ন গ্র“পের মালিক ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এবাদুল করিম বুলবুলের উপস্থিত থাকার কথা ছিলো।

অপরদিকে বুলবুলের উপস্থিতি ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.এ হালিমও একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করেন। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় উপজেলা প্রশাসন স্কুল মাঠ ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।

কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবাদুল করিম বুলবুলের সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে রওনা হয়। এসময় শহরের ডাকবাংলোতে প্রতিপক্ষ গ্র“প আব্দুল হালিম সংবাদ সম্মেলন করছিলেন। বুলবুল সমর্থিত মিছিলটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এসময় দুপক্ষে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিপক্ষ হালিমের সমর্থকরাও তখন এসে পুলিশের সাথে সংঘর্ষে যোগ দেয়। পুলিশের বেধড়ক লাঠিচার্জে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে দুপক্ষের লোকজন দুদিকে অবস্থান নেয়। এসময় আব্দুর রউফ ও এবাদুল করিমের সমর্থকরা পৌর বাসস্ট্যান্ডে এবং এম.এ হালিম ও ফুল মিয়ার সমর্থকরা নবীনগর বড় বাজারে অবস্থান নেয়।

এক পর্যায়ে দুপুর বারোটার দিকে আব্দুর রউফ ও এবাদুল করিমের নেতৃত্বে হাজার হাজার সমর্থকের একটি জঙ্গি মিছিল নবীনগর সদরে ঢোকার চেষ্টা করলে পুলিশ মাঝিকারা সেতুর কাছে ব্যারিকেড দিয়ে বাধা দেয়। কিন্তু উত্তেজিত সমর্থকরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগুনোর চেষ্টা করলে পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়ে যায়। এসময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্য করে।

দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে আব্দুর রউফ গ্র“পের অন্যতম নেতা আব্দুল হক চেয়ারম্যান এবং ১৫ পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আব্দুর রউফের সভাপতিত্বে পৌর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এবাদুল করিম বুলবুলসহ তার গ্র“পের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

সংঘর্ষের বিষয়ে এম এ হালিম বলেন, ১৪৪ ধারার কারণে পূর্বনির্ধারিত সভাস্থলের পরিবর্তে আমরা ডাকবাংলো প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করি। এসময় হাওয়া ভবনের এজেন্ট এবাদুল করিম বুলবুলের সমর্থকরা আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়।

অপরদিকে এবাদুল করিম বুলবুল বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ডাকবাংলোর দিকে যাওয়ার সময় স্থানীয় জোট এমপির দালাল হালিমের নেতৃত্বে পুলিশের সহায়তায় আমাদের মিছিলের উপর হামলা চালানো হয়।      

এদিকে সংঘর্ষের পর থেকে নবীনগরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।