২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আফতাব আহমাদ এখন আশঙ্কামুক্ত

সম্মিলিত সামরিক হাসপাতালে শনিবার গভীর রাতে ‘অপারেশন’ এর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফতাব আহমাদ এখন আশঙ্কামুক্ত। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফতাব বিশ্ববিদ্যালয়ে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 11:51 AM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সম্মিলিত সামরিক হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক ঘন্টাব্যাপী অপারেশন করে তার বুক থেকে গুলি বের করে। রাত একটায় তাকে অপারেশন থিয়েটার থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়।

বেলা সাড়ে এগারোটায় এ প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে সামরিক সূত্র জানিয়েছে, এখন আর তার জীবন সংশয় নেই।

শনিবার সন্ধ্যায় এক দল সন্ত্রাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বাসায় আফতাব আহমাদকে গুলি করে। বুকে ও পায়ে গুলিবিদ্ধ অধ্যাপক আফতাবকে প্রথমে শমরিতা হাসপাতালে ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।