২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা-পূজা একত্রে পালন করে সম্প্রীতির নজির স্থাপন করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, রোজা ও পূজা এক সাথে পালন করে আমরা সম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

শনিবার সন্ধ্যায় তার নিজ নির্বাচনী এলাকা পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ওদের হাতে লাঠি - বৈঠা। আর আমাদের হাতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক। আপনারা আমাদের বেছে নিন।

স্থানীয় সাংসদ মেজর (অব.) সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও সাংসদ রেহানা আক্তার রানু। সমাবেশ পরিচালনা করেন পৌর চেয়ারম্যান আবু তালেব।

খালেদা জিয়া বিরোধীদলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা দেশী - বিদেশী শক্তিকে নিয়ে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। এলাকার উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে তিনি বলেন, ছাগলনাইয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাবলিক লাইব্রেরি, ফায়ার স্টেশন, ডাকবাংলো নির্মান, ১০৪টি স্কুলের উন্নয়ন কাজ হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আগে ফেনীসহ সারাদেশে সন্ত্রাস ছিল। কিন্তু এখন আর সন্ত্রাস নেই। বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের গডফাদারদের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করবে। সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকার সমাবেশ ফ্লপ করায় তারা আবোল - তাবোল বকতে শুরু করে দিয়েছে। তাই লাঠি বৈঠা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিএনপি চেয়ারপারসন তার মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বিকালে হেলিকপ্টারে করে ফেনীতে আসেন। এরপর সড়কপথে ফুলগাজী গিয়ে সেখানে ৬  কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুলগাজী উপজেলা কমপ্লেক্স, ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত পরশুরাম হাসপাতালের ৫০ শয্যার ভবন উদ্বোধন করেন। এটি আগে ছিল ৩১ শয্যার।