উত্তরার অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৫ জেএমবি সদস্যের ৭৮ বছর কারাদন্ড
উত্তরার কোটবাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরণ ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় জেএমবি এর পাঁচ নেতার বিরুদ্ধে মোট ৭৮ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর তিন নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রবিউল হাসান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিল।
দন্ডপ্রাপ্তরা হলো, পূর্ব বর্ষাপাড়া, কোটালিপাড়া, গোপালগঞ্জের মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ ওরফে হাবিব, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার খামার ধল্লা গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ওরফে রাসেল, টাঙ্গাইলের কালিহাতি থানার বল্লা গ্রামের হাফেজ ইবরাহীম, ঢাকা জেলার ধামরাই থানার স্বর্ণখালী গ্রামের আবদুল্লাহ আল সোহাইল ওরফে আল মারুফ ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সন্নাসী গ্রামের হানিফ মুন্সী ওরফে আমর।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানীর উত্তরা থানার কোটবাড়ি মহল্লার রুহুল আমিন ভূঁইয়ার মেস বাড়ি থেকে ওয়াহেদকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও গ্রেনেড তৈরীর উপাদান।
পরদিন র্যাব-১ এর সাব ইন্সপেক্টর একেএম এনামুল করিম উত্তরা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, ওয়াহেদের নির্র্দেশনা অনুসারে টঙ্গির দত্তপাড়া এবং উত্তরার আশকোনা থেকে অন্যান্য আসামিদের অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করে র্যাব।
মামলা দুটির বিচারকালে একটিতে ২৮ জন এবং অপরটিতে ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। রায় ঘোষণার পর দন্ডিতরা সবাই ‘আলহামদুলিল্লাহ’ বলে রায়কে স্বাগত জানায়।
দন্ডিতরা সাংবাদিকদের বলে, “বোমা হামলা কার্যক্রম চলবেই। আমরা এ রায়ে বিচলিত নই”।
