মহাসচিব হিসেবেও হাওয়া ভবনে দিন কাটালেন তারেক
মহাসচিবের দায়িত্ব পেলেও হাওয়া ভবনেই দিন কাটালেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে রুটিন বৈঠক এবং ছোট-বড় তদবির ও বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে বনানীর ভবনটিতেই পুরো দিন থাকলেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান। এসব নৈমিত্তিক কাজের ফাঁকে অসুস্থ মহাসচিব মান্নান ভূ্ঁঁইয়ার স্বাস্থ্যের খোঁজ-খবরও নিয়েছেন তিনি।
সংস্কার দাবি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মহাসচিব-সাধারণ সম্পাদক পর্যায়ের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত সপ্তাহে আবারো বিরোধী দলকে আহ্বান জানিয়েছিলেন। এসময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার চিকিৎসার উদ্দেশ্যে মান্নান ভুঁইয়া সিঙ্গাপুর গেলে তারেক রহমানকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
