২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বরিশাল যাচ্ছেন বলে ১৫ রুটে ১১০টি বাস চলাচল বন্ধ

নির্বাচনী প্রচার অভিযান চালানোর জন্য রোববার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বরিশাল আসছেন। এ কারণে এ অঞ্চলের ১৫টি রুটে ১১০টি বাস চলাচল বন্ধ থাকবে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তবে সাধারণ যাত্রী বহন না করলেও এগুলো প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য লোক পরিবহন করবে বলে মালিক সমিতি জানিয়েছে।

বরিশাল-পটুয়াখালি মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ওয়ার্ড কমিশনার জিয়া উদ্দিন শিকদার জানান, তিন/চার দিন আগে সিটি মেয়র অ্যাড. মজিবর রহমান সারোয়ারের সাথে সমিতির বৈঠক হয়। সেখানে মেয়র প্রধানমন্ত্রীর আগমনকে সার্থক করার জন্য সমিতির সহযোগিতা চান।

সমিতির আরেকটি একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জনসভার জন্য সমিতির ১১০টি গাড়ি লোক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হবে। এ কারণে শনিবার বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেনের চাহিদাপত্র অনুযায়ী ২০টি গাড়ি, নলছিটি বিএনপি নেতার জন্য ১৫টি ও ২৬নং ওয়ার্ড বিএনপি নেতার জন্য ছয়টি গাড়ি ইতোমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। বাকিগুলো আজ রাতেই বিভিন্ন নেতার জন্য বরাদ্দ দেওয়া হবে বলে সূত্রটি জানায়।

তবে সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিকদার পূর্ব ঘোষণা ছাড়াই সাধারণ যাত্রী পরিবহন বন্ধ রাখার ব্যাপারে গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযোগ উঠেছে এসব বাস শ্রমিকদের পারিশ্রমিক ছাড়াই প্রধানমন্ত্রীর জনসভায় লোক পরিবহনে বাধ্যতামূলক শ্রম দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।

তবে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইউনিয়নের সব শ্রমিক স্বতঃস্ফুর্তভাবে প্রধানমন্ত্রীর জনসভায় লোক পরিবহন করবে বলে অঙ্গিকার করেছেন। তবে এসব শ্রমিকের সবাই বিএনপিপন্থী কিনা সে প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।