কর্মসূচিতে আহত তিন আওয়ামী লীগ নেতা এখনো হাসপাতালে (সমন্বিত)
নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় পুলিশের বেধড়ক পিটুনিতে আহত তিন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, সাবের হোসেন চৌধুরী এবং আসাদুজ্জামান নূর এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও গুরুতর। নিজের অবস্থা জানতে সিঙ্গাপুরের গ্লেনিগ্যালস হাসপাতালে ভর্তি সাবের হোসেন চৌধুরী বুধবার øায়ুরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন। পারিবারিক সূত্রে জানা গেছে আজই বাড়ি ফিরে যেতে পারেন আসাদুজ্জামান নূর।
সকালে নাসিমকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়। তিনি নাসিমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
ভাঙা হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪০৮ নম্বর কেবিনে আছেন মোহাম্মদ নাসিম। তলপেটসহ সারা শরীরে আঘাত পাওয়া নাসিমের অবস্থা সম্পর্কে এক্ষুণি কিছু বলতে নারাজ চিকিৎসকরা। তবে তিনি আভ্যন্তরীণ আঘাত পেয়েছেন কি-না সে সম্পর্কে চিকিৎসকরা এখনো নিশ্চিত নন।
সিঙ্গাপুর থেকে টেলিফোনে সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে জানালেন, নিজের চোখের সমস্যার কথা। দৃষ্টিশক্তির অসুবিধার কথা বলে সাবের বললেন, আজই আমি একজন øায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবো’।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. এম এ রউফ সরদার বিডিনিউজকে বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা এখনো গুরুতর। শরীরের সব জায়গায়ই থ্যাঁতলে যাওয়া ভোতা আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা করে দেখবেন, শরীরের ভেতরের কোনো জায়গায় আঘাত রয়েছে কি-না? পাশাপাশি ইসিজি প্রতিবেদনে দেখা গেছে তার হৃদযন্ত্রের কার্যক্রম এখনো স্বাভাবিক নয়।
হলিফ্যামিলি হাসপাতালের ভিআইপি ১ নম্বর কেবিনের বিছানায় এখন শুয়ে থাকা আসাদুজাজামান নূরের বিশ্বাস ছিল যে পুলিশ তাকে আঘাত করবে না। সংবাদ মাধ্যমগুলোর কল্যাণে এখন সবাই জানেন যে, নূরের সেই বিশ্বাস টেকেনি। তবে পারিবারিক সূত্রে জানা গেছে আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যেতে পারেন আসাদুজ্জামান নূর।
