২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে নীলফামারী ও পাবনায় হরতাল পালিত, আপডেট

বিচ্ছিন্ন ঘটনা ও ছোটখাট সংঘর্ষের মধ্য দিয়ে নীলফামারী ও পাবনা জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ডাকে বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 02:24 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এসময় পাবনায় এক মাংস ব্যবসায়ী ছুরিকাহত হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত মঙ্গলবার ১৪ দলের প্রধানমন্ত্রীর কার্যালয ঘেরাওকালে পুলিশের হাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও আসাদুজ্জামান নূর এমপিসহ নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।

হরতাল চলাকালে প্রধান সড়কে টায়ারের আগুন জ্বালিয়ে রাস্তায় বেরিকেড দেওয়া হয়। দলীয় কর্মীরা দফায় দফায় মিছিল ও পিকেটিং করে। হরতাল চলাকালে দূরপাল্লার কোন যানবাহন চলেনি। স্কুল, কলেজ, ব্যাংক, বীমা অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য করেন অ্যাডভোকেট শামছুল হক টুকু, সাইদুল হক চুন্নু, তসলিম হাসান সুমন, রাকিব হাসান টিপু প্রমুখ।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে হরতাল চলাকালে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। 

সকাল থেকে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হলেও বেলা ১২ টার দিকে আওয়ামী লীগ শহরে মিছিল বের করলে বিএনপি সমর্থকরা মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ কালিবাড়ি মোড়ে মিছিলে ব্যারিকেড দিলে ব্যারিকেড ভেঙ্গে মিছিলকারীরা বিএনপি অফিস অতিক্রম করার সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায। এসময় নিক্ষিপ্ত পাথরের আঘাতে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম খানসহ আরো অনেকে আহত হন।