২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারের সংখ্যা ৯ কোটি ৩১ লাখ! ১ম লিড

নির্বাচন কমিশনের তালিকা অনুসারে সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। তবে ভোটারের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার বৃহস্পতিবার সাংবাদিকদের এই হালনাগাদ ভোটার তালিকাটি দেন। তবে অস্বাভাবিক হারে এই ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়া সম্পর্কে নির্বাচন কমিশন কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তবে সচিব স্বীকার করেন, তালিকা থেকে যতজন ভোটারের নাম বাদ দেওয়া উচিত ছিল, তা দেয়া হয়নি। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জকরিয়া।

সাংবাদিকদের জানানো হয়, তালিকায় ২ কোটি ১১ লাখ ৬৩ হাজার ৪০৮ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন; বাদ দেওয়া হয়েছে ৪৫ লাখ ৮ হাজার ৬৮০ জনকে। অর্থাৎ ভোটার বেড়েছে ১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ৭২৮ জন।  তালিকা হালনাগাদ করার আগে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ ২৭ হাজার ৭৭১ জন।

তালিকা অনুযায়ী, শতকরা হিসেবে মোট ২৭ দশমিক ৬৯ ভাগ ভোটার অর্ন্তভূক্ত এবং ৫ দশমিক ৯০ ভাগ ভোটারকে বাদ দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগে ভোটার বেড়েছে সবচেয়ে বেশী, ১১ দশমিক ৫৫ শতাংশ।

ভোটারের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার বলেন, ‘আমি এই  ভোটার তালিকা নিয়ে সন্তুষ্ট। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া একটি জটিল বিষয়। তাই এ ব্যাপারে একটা সন্দেহ থেকেই যায়।’

তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, স্থানীয় রাজনৈতিক নেতারা ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে জনসাধারণকে নিরুৎসাহিত করেছেন।’

এ ব্যাপারে এগিয়ে আসার জন্য জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এরপরও ভোটার তালিকায় যদি কারো নাম দুদফায় ধরা পড়ে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, পাঁচ বছরে দেশে গড়ে প্রায় এক কোটি ভোটার বাড়ার কথা। অথচ এবার পাঁচ বছরে ভোটার বেড়েছে প্রায় একটি ৮০ লাখ; অর্থাৎ প্রায় দ্বিগুণ। ২০০০ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি।

ওই হালনাগাদ ভোটার তালিকা তৈরি করতে প্রায় এক বছর সময় লেগেছে। এ জন্য নির্বাচন কমিশন ব্যয় করেছে প্রায় ৮৫ কোটি টাকা। তারা সরকারের কাছে আরো ১২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই বরাদ্দ পেলে ভোটার তালিকা তৈরিতে মোট খরচ দাঁড়াবে প্রায় ১০০ কোটি টাকা।

সর্বশেষ ২৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

নির্বাচন কর্মকর্তারা ১ জুলাই অফিসে বসে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেন। পরে আদালতের নির্দেশে ২০ জুলাই থেকে ২০ আগস্ট বাড়ি বাড়ি গিয়ে ওই তালিকা হালনাগাদ করা হয়।

হালনাগাদ করা ভোটার তালিকার উন্মুক্ত প্রদর্শনীর শেষ দিন ছিলো ৫ সেপ্টেম্বর।