রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডারদের হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার শিবির ক্যাডারদের হামলায় অনুশীলন নাট্যচক্রের পূর্বনির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।
ছাত্রশিবির ক্যাডাররা মঙ্গলবার বিকেলে পরিকল্পিতভাবে অনুষ্ঠানস্থল দখল করে নিয়ে তাদের অনুষ্ঠান পন্ড করে দেয় বলে নাট্য চক্রের নেতা--কর্মীরা অভিযোগ করেছেন।
সূত্র জানায়, অনুশীলন নাট্যচক্র মঙ্গলবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মঞ্চে নাটক মঞ্চায়নের জন্য সাত দিন আগেই প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়। কিন্তু মঙ্গলবার বিকেল ৪টার দিকে শিবির ক্যাডাররা অনুষ্ঠান স্থল দখল করে নেয়। নজরুল জন্মজয়ন্তী উৎসব পালনের নামে তারা সেখানে ৭/৮ টি মাইক নিয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি করে। এসময় অনুশীলন নাট্যচক্রের কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে শিবির ক্যাডাররা তাদের জানায়, প্রশাসনের অনুমতি নিয়েই তারা এখানে অনুষ্ঠান করছে। অন্য কেউ এখানে অনুষ্ঠান করার সুযোগ পাবে না।
কিন্তু ছাত্রশিবির শহীদ মিনার মঞ্চে অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছ থেকে কোন অনুমতি নেয়নি বলে জানা গেছে।
অনুশীলন নাট্যচক্রের সভাপতি অধ্যাপক এসএম আবু বকর অভিযোগ করেন, অনুশীলন নাট্যচক্রের অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যেই শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে অনুষ্ঠান স্থল দখল করে নেয়।
এদিকে পরিকল্পিতভাবে অনুশীলন নাট্যচক্রের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান পণ্ডের প্রতিবাদে সংগঠনের কর্মীরা শহীদ মিনার প্রাঙ্গনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে।
সভায় অনুশীলন নাট্যচক্রের সভাপতি এসএম আবু বকর বলেন, পরিকল্পিতভাবে শিবির ক্যাডাররা তাদের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। প্রশাসনের কাছে তিনি এ ঘটনায় বিচার দাবি করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টিএসসিসির পরিচালক অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী জানান, শহীদ মিনার মঞ্চে অনুষ্ঠানের জন্য অনুশীলন নাট্যচক্রের অনুমতি ছিলো। শিবির সেখানে অনুষ্ঠানের জন্য কোন অনুমতি নেয়নি। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেও উল্লেখ করেন।
অপরদিকে বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি নুর মোহাম্মদ মন্ডল বলেন, শহীদ মিনার মঞ্চে শিবিরের নেতা--কর্মীরা কোন অনুষ্ঠান করেছে বলে তার জানা নেই।
