২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের রোডম্যাপ চাইলেন আ. লীগের তরুণ নেতারা

আগামী নির্বাচনে জনগণকে আওয়ামী লীগের প্রতি আগ্রহী করে তুলতে দুর্নীতি, সংঘবদ্ধ ব্যবসায়ী চক্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলনের রোডম্যাপ চেয়েছেন দলের তরুণ নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে শুক্রবার নেতারা বলেন, ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি এরশাদ বিএনপি - জামায়াত ঐক্যজোটে যোগদানের ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে।

ধানমণ্ডি কার্যালয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নেতারা বলেন, ক্ষমতাসীন বিএনপির ‘সংস্কার বহির্ভূত নির্বাচনের ফাঁদে’ পা দেওয়া যাবে না।

বৈঠকে সাংসদ সৈয়দ আশরাফুল ইসলাম এবং ড. আব্দুর রাজ্জাক জোরালো বক্তব্য রাখেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

আশরাফুল ইসলাম বলেন, ‘সাধারণ জনগণ মনে করে ক্ষমতাসীন জোট আবার ক্ষমতায় আসবে। আগামী সাধারণ নির্বাচনে জিততে হলে আমাদের এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে’।

তিনি বলেন, ‘সাধারণ মানুষকে বোঝাতে হবে যে এরশাদ দ্রব্যমূল্য এবং দুর্নীতি কমানোর জন্য বিএনপির সাথে হাত মেলাচ্ছেন না। দুর্নীতির মামলা থেকে রেহাই পাওয়ার জন্যই তিনি বিএনপির সাথে হাত মেলাচ্ছেন’।

আশরাফুল ইসলাম আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন জোট ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় বিএনপির পাতা ‘নির্বাচনের ফাঁদে’ পা দেওয়া ঠিক হবে না বলে তিনি জানান।

ভোটার তালিকা প্রস্তুতির সময় ভুয়া ভোটাররা যাতে তালিকাভুক্ত হতে না পারে সে ব্যাপারে জনগণকে সতর্ক করে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী।

বৈঠকে ড. আব্দুর রাজ্জাক জানান, বর্তমান সরকারের দুঃশাসন থেকে পরিত্রাণ লাভের জন্য জাতি আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, ‘আন্দোলনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমেই আমরা ক্ষমতায় যেতে পারব না। দুর্নীতি, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমাদের রোডম্যাপ উপস্থাপন করতে হবে’।

তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া নিহত হওয়ার পর জনগণ ঐক্যবদ্ধ হয়নি। কিন্তু তাদের নিজেদের অধিকার আদায়ে কানসাট ও ফুলবাড়ীতে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে।

ড. রাজ্জাক বলেন, রাজনৈতিক নেতাদের ওপর জনগণের আর আস্থা নেই। আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্নয়নের রূপকল্প তুলে ধরতে হবে।

ড. আব্দুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বেঁধে দেওয়া ৩০ এপ্রিলের ডেডলাইনের বিষয়টি উল্লেখ করে বলেন, এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।