সাতক্ষীরা সীমান্তে ফের বিডিআর -- বিএসএফ গুলিবিনিময়
সাতক্ষীরা সীমান্তে আবারো বিডিআর -- বিএসএফ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলা গাজীপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে ও কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে শুক্রবার ভোরে দুপক্ষের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
বিডিআর এর ৪১ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হুমায়ুন কবির বিডিনিউজকে জানান, ওই দুটি পয়েন্টে বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন খবর প্রাথমিকভাবে জানা যায়নি।
তিনি আরো জানান, গাজীপুর সীমান্তে বিএসএফ এর এক রাউন্ড গুলির জবাবে বিডিআর দুই রাউন্ড এবং কাকডাঙা সীমান্তে দুই রাউন্ড গুলির জবাবে বিডিআর চার রাউন্ড গুলি ছোঁড়ে।
বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত সাতক্ষীরা সীমান্তে গত এক সপ্তাহে বিডিআর ও বিএসএফ এর মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
