পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ কনস্টেবল নারায়ণের
রাজধানীতে বিরোধী দলের হরতাল চলাকালে নিহত পুলিশ কনস্টেবল নারায়ণ চন্দ্র বর্মণের আর পূজার ছুটিতে বাড়ি যাওয়া হলো না।
নারায়ণের স্ত্রী অন্নপূর্ণা বর্মন বুধবার কান্নায় ভেঙে পড়ে বিডিনিউজকে বলেন, ‘গত ৫ জুলাই একদিনের জন্য তিনি জেলার সখীপুরের মহানন্দপুর গ্রামের বাড়িতে গিয়েছিলেন। পরদিনই ঢাকা ফিরে যান। যাওয়ার সময় বলে গিয়েছিলেন দূর্গাপূজার সময় লম্বা ছুটি নিয়ে বাড়ি আসবেন। সংসার গুছিয়ে দেবেন। বাড়ির উত্তর পাশের ঘরটা পাকা করবেন। কিন্তু তার সেই আশা আর পূরণ হলো না’।
তিন সন্তানের জনক নারায়ণ ১৯৭৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। বড় ছেলে রতন চন্দ্র বর্মন। ছোট ছেলে মানিক চন্দ্র বর্মন ১০ শ্রেণীর ছাত্র। একমাত্র মেয়ে গাজীপুরে বিবিএর ছাত্রী।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে হরতাল চলাকালে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, হরতালকারীদের নিক্ষেপ করা ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।
