২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব মেনেই নির্বাচন হবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, ‘সংস্কার নিয়ে কোনো টালবাহানা চলবে না। সংস্কার প্রস্তাব মেনেই এ দেশে নির্বাচন হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা করবোই’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ললিতকলা অ্যাকাডেমি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ছবি নিয়ে আলোকচিত্র প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।

শেখ হাসিনা বলেন, জোট সরকার জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়ে লুটপাট করে নিজেদের পকেট ভারি করছে। অথচ তারাই আবার বড় গলায় কথা বলে।

বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কবে আপনারা নির্বাচন করে ক্ষমতায় এসেছেন ? ক্ষমতা দখল করেছেন ষড়যন্ত্র করে। কিন্তু এবার জনগণের ভোট চুরি করতে দেওয়া হবে না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দেশে বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রায় ২ হাজার ছবি নিয়ে এ প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা দর্শকদের জন্য প্রর্দশনী উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এম এ খায়ের, অধ্যাপক আ আ মস আরেফিন সিদ্দিক, সাংসদ খ ম জাহাঙ্গীর, সাহারা খাতুন, রেজা কিবরিয়া প্রমুখ।