গ্রামাঞ্চলে অপরিণত বয়স্কদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে মাঠকর্মীরা চাপের মুখে: নির্বাচন কমিশন সচিব
গ্রামাঞ্চলে ভোটার তালিকায় যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অপরিণত বয়স্কদের নাম অন্তর্ভূক্ত করতে মাঠকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে বলে রোববার নির্বাচন কমিশন স্বীকার করেছে।
নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের বলেন, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সম্প্রতি মাঠ পরিদর্শনকালে তিনি এ বিষয়টি লক্ষ্য করেছেন।
তবে এটা উদ্বিগ্ন হওয়ার মত কোন ঘটনা নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গ্রামাঞ্চলে ভোটার তালিকায় অপরিণত বয়স্কদের নাম অন্তর্ভূক্ত করতে মাঠকর্মীদের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে জনপ্রতিনিধিদের চাপের মুখোমুখি হতে হচ্ছে। তারা তাদের নিজেদের স্বার্থে এ কাজ করছে।
তিনি জানান, ইতোমধ্যেই ৩ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ সময়ের মধ্যে মাঠকর্মীরা ৮৪ লাখ ৫০ হাজার আবেদনকারীর নাম অন্তর্ভূক্ত করেছেন এবং ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকা থেকে সাত লাখ ৩৩ হাজার নাম বাদ দিয়েছেন। এ ছাড়া দুই লাখ ভোটার তালিকায় বিভিন্ন তথ্যের ব্যাপারে আবেদন জানিয়েছেন।
মোট ভোটারের সংখ্যা বাড়তে পারে বলে নির্বাচন কমিশন সচিব মত ব্যক্ত করে বলেন, এ সংখ্যা প্রায় নয় কোটি হতে পারে।
সচিব বলেন, ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ করার কাজ প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। ১০ আগস্ট নির্ধারিত সময়সূচি অনুযায়ীই সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তবে তিনি বলেন, ঢাকা ও আরো কয়েকটি স্থানে সময়সূচি বাড়ানো হতে পারে।
হালনাগাদ করার কাজে নিয়োজিত মাঠকর্মীদের ১০০০ টাকা ভাতা দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় আরো অর্থ বরাদ্দ করলে এর পরিমাণ আরো বাড়ানো হতে পারে।
এ ব্যাপারে সচিব আশা প্রকাশ করে বলেন, মন্ত্রণালয় থেকে টাকা পাব বলে আমি আশাবাদী।
রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো পদক্ষেপ নিলেই এটা হওয়া সম্ভব।
নির্বাচনী বিধি সংস্কারের ব্যাপারে ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এ ব্যাপারে এখন পদক্ষেপ নেওয়া উচিত।
