উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নগরীতে ১৪ দলের পদযাত্রা কর্মসূচি, ১ম লিড
দূর্যোগপূর্ণ আবহাওয়া, মুষলধারে বৃষ্টি এবং গণগ্রেফতার, ভয়ভীতি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে শনিবার বিকেলে নগরীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
পুরনো ঢাকার বাবুবাজার ব্রিজের নীচে ও নয়াবাজারে আয়োজিত বিশাল দু’টি সমাবেশের পর শুরু হওয়া এ পদযাত্রা মুক্তাঙ্গনে এসে শেষ হয়।
হাজার হাজার নারী পুরুষ, বৃদ্ধ যুবা নির্বিশেষে ১৪ দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ঢাকার প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে অহিংস এই কর্মসূচিতে অংশ নেন। ঢাকঢোল বাদ্য বাজনা বাজিয়ে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দিতে এগিয়ে যান তারা। মিছিলকারীরা সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন ও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক বড় আকারের নৌকা বহন করেন।
প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ দল মঙ্গলবার থেকে ঢাকাসহ সারাদেশে টানা ছয় দিনের এই পদযাত্রা কর্মসূচি পালন করছে।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পদযাত্রার পথে ও সচিবালয়ের চারপাশসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।
বিরোধী দলের এই কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা বিধান ও শৃংখলা রক্ষায় মোতয়েন করা হয় পুলিশ, বিডিআর, র্যাব, এপিবিএন এবং গোয়েন্দা সংস্থাসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
বিরোধী দলের কর্মসূচি চলাকালে জঙ্গি হামলাসহ নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পদযাত্রার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা রক্ষায় কাজ করে এসব বাহিনী।
পদযাত্রা উপলক্ষে সমাবেশ স্থলগুলো র্যাব ডগ স্কোয়াড নিয়ে ব্যাপক তল্লাশি চালায়। বাবুবাজার ও নয়াবাজারে প্রায় তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশ এবং পদযাত্রার সময় হেলিকপ্টারে করে নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। র্যাব ও সাদা পোষাকের পুলিশ বিভিন্ন ভবনের ছাদ, রাস্তা ও গোপন স্থান থেকে ভিডিও ও স্থির চিত্র গ্রহণ করে।
বাবুবাজার ব্রিজের নিচে ও নয়াবাজারে ব্রিজের শেষ মাথায় পৃথক দু’টি সমাবেশ শেষে বিকেল সোয়া ৫ টায় বিরোধী দলের কয়েক হাজার নেতা কর্মী মুষলধারে বৃষ্টিতে ভিজেই পদযাত্রা শুরু করেন। পৌণে ৬ টায় মুক্তাঙ্গনে এসে মিছিল শেষ হয়।
তবে পূর্ব ঘোষণা অনুযায়ী মূল সমাবেশ অনুষ্ঠিত হয় বাবুবাজার ব্রিজের নিচে। এখানে আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়–য়া, সৈয়দ জাফর সাজ্জাদ, মুকুল বোস, অ্যাডভোকেট এনামুল হক, মফিজুল ইসলাম খান কামাল, আফম বাহাউদ্দিন নাসিম, কামরুল আহসান, শরাফত আলী হিরা, অ্যাডভোকেট শফিকুর রহমান, হারুন চৌধুরী, শাহে আলম মুরাদ, আব্দুল হক সবুজ, সাবিনা আখতার তুহিনসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিম অনুষ্ঠান পরিচালনা করেন।
ওমার আলীর সভাপতিত্বে নয়াবাজারে অনুষ্ঠিত অপর সমাবেশে বক্তব্য রাখেন মইনউদ্দিন খান বাদল, ড. আব্দুর রাজ্জাক এমপি ও মোস্তফা মহসীন মন্টু।
এদিকে পদযাত্রার কারণে পুলিশ বাবুবাজার ব্রিজ এবং পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও গলিপথসহ বেশ কয়েকটি রুটে যানবাহন চলাচল বিকেল ৩ টা থেকে বন্ধ করে দেয়। বিভিন্ন রাস্তায় বিকল্পভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অসহনীয় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ১৪ দলের টানা ৬ দিনের এই কর্মসূচির শেষ পদযাত্রাটি অনুষ্ঠিত হবে রোববার বিকেলে ঢাকার আমিনবাজার থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত।
এর আগে ১৪ দল রাজধানীতে দু’টি এবং জেলা ও থানা পর্যায়ে অপর দু’টি পদযাত্রা কর্মসূচি পালন করে।
