প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাতের ব্যাপারে এখনও সাড়া পায়নি নাগরিক কমিটি
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাৎ করতে সময় চেয়ে নাগরিক কমিটি অনুরোধ জানালেও এখনও তারা কোনো দিক থেকেই সাড়া পায়নি।
নাগরিক কমিটির সদস্য সচিব দেবপ্রিয় ভট্টাচার্য বিডিনিউজকে বুধবার জানান, সাক্ষাতের ব্যাপারে তারা দুই নেত্রীর কাছ থেকে কোনও জবাব পাননি।
সুশীল সমাজের সংগঠন নাগরিক কমিটি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সাথে দেখা করতে চেয়ে গত ১৯ জুলাই চিঠি পাঠায়।
নাগরিক কমিটির আহ্বায়ক রেহমান সোবহান, যুগ্ম আহ্বায়ক এম সাইদুজ্জামান, লায়লা রহমান কবির ও আবদুল্লাহ আবু সায়ীদ এবং দেবপ্রিয় ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে ১৯৯০ সালের গণআন্দোলনে দুই নেত্রীর ভূমিকার কথা স্মরণ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যাপারে আস্থা ব্যক্ত করা হয়।
‘জাতীয় নির্বাচন ২০০৭: জবাবদিহিতার উন্নয়নে সুশীল সমাজের উদ্যোগ’ শীর্ষক আলোচনায় ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, রাঙ্গামাটি, চট্টগ্রাম, রংপুর ও খুলনা তথা দেশের নয়টি অঞ্চলে আয়োজিত সংলাপে শিক্ষক, রাজনীতিবিদ, উন্নয়নকর্মী, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতিকর্মীসহ প্রচুর লোকজন অংশ নেন।
সংলাপের মাধ্যমে জনগণের যে মতামত পাওয়া গেছে তার ভিত্তিতে জবাবদিহিতা ও শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে নাগরিক কমিটি আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের জন্য একটি সুপারিশ তৈরি করেছে।
