ঢাবি ছাত্রদলের হাতে তিন শিবিরকর্মী প্রহৃত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে মঙ্গলবার রাতে ছাত্রদল কর্মীদের হাতে মারাত্মক আহত হয়েছে তিন ছাত্রশিবির কর্মী। এদের মধ্যে শিবিরের বর্তমান এবং সাবেক হল সভাপতিও রয়েছেন। মারাত্মক আহত শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত অন্য দুজন হলেন, জিয়াউর রহমান হলের বর্তমান শিবির সভাপতি সফিউল্লাহ এবং শিবির কর্মী রাজীব।
শিবির কর্মী রাজীবকে নিয়ে এ ঘটনার সূত্রপাত বলে জানা যায়। বেশ কয়েক মাস আগে মধুর ক্যান্টিনে শিবির কর্মীরা এক সংবাদ সম্মেলন করতে যায়। সেখানে ছাত্রলীগ কর্মীদের হাতে রাজীব মার খায়। এ ঘটনার পর থেকে রাজীব হলে থাকতে পারেনি। কয়েকদিন আগে ছাত্রদল সভাপতি সোহানের সাহায্যে রাজীব হলে উঠতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে রাজীবের সাথে ছাত্রদল কর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রাজীবকে মারধর করে। শিবিরের বর্তমান ও সাবেক সভাপতি এ কথা ছাত্রদলের নেতাদের জানাতে গেলে তারা চার তলার রুম থেকে তাদের দুজনকে মারতে মারতে জসীমউদ্দিন হলের মাঠে নিয়ে যায়। এতে শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিনের ডান পা ভেঙ্গে যায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।
শিবির কর্মিদের অভিযোগ, হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মিন্টুর উস্কানিতে ছাত্রদল কর্মী সাগরের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে ছাত্রদল নেতাদের রুমে তল্লাশি চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা হলের প্রভোস্ট রুম এবং তার আশেপাশের অফিস রুম ভাঙ্চুর করে।
এ সময় উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ঘটনাস্তলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হল ছাত্রদলের সভাপতি সোহান বলেন, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়। তবে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রদলের হল নেতৃবৃন্দ বলেন, চারদলীয় জোটের পক্ষ থেকে ছাত্রশিবির এবং ছাত্রদলের মধ্যে বন্ধুপ্রতীম সম্পর্ক বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হলেও উভয়পক্ষেই এ নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে ছাত্রদল একত্রিত হয়ে ছাত্রশিবিরকে কোণঠাসা করার ঘটনাই যার প্রকৃষ্ট প্রমাণ।
এদিকে, গত কয়েকদিন যাবৎ ঢাবি ছাত্রদল দলীয় কোন্দলের সম্মুখীন হলে কেন্দ্রীয় নেতারা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর চার দলীয় শরীক দলের ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে দ্বিতীয়বারের মতো কোন্দলে জড়িয়ে পড়ে।
