আন্দোলনকারীদের সাথে আলোচনা করেই সিইসি নিয়োগ দিতে হবে : ১৪ দল নেতৃবৃন্দ
বিরোধী ১৪ দলের নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের পদত্যাগের দাবি পুনরায় ব্যক্ত করে বলেছেন, আন্দোলনরত বিরোধী দলের সাথে আলাপ-আলোচনা করে নতুন সিইসি নিয়োগ দিতে হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর কাছের মানুষ কেএম হাসানের অধীনে কোন নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন।
পদযাত্রা কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার বিকেলে টঙ্গী বাটা কারখানার প্রধান ফটকের সামনে আয়োজিত এক সমাবেশে নেতারা এ কথা বলেন।
সমাবেশ শেষে নেতারা হাজার হাজার জনতাকে সাথে নিয়ে মহাখালীর উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি শুরু করেন।
টঙ্গী থানা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া, গণআজাদী লীগের আব্দুস সামাদ ও গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম।
আবদুল জলিল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ২০০৫ সালের ১৪ জুলাই জননেত্রী শেখ হাসিনা সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছিলেন আজ তা গণদাবীতে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে সংস্কার দাবী বাস্তবায়নের পরই কেবল নির্বাচন হবে। এর বাইরে যে অপচেষ্টাই হোক না কেন বাংলার মানুষ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
বক্তারা আরও বলেন, কাউকে উৎখাত করা বা কাউকে বসানো আমাদের আন্দোলনের উদ্দেশ্য নয়। ২৩ দফা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই ১৪ দল লড়ছে।
