২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনের বাইরে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না, শিগগিরই বসছে মেডিকেল বোর্ড

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এখনো বঙ্গভবনের বাইরের অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো যথেষ্ট সুস্থ হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 04:18 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেসুর রহমান চৌধুরী সোমবার বিডিনিউজকে একথা জানিয়ে বলেন, মেডিকেল বোর্ড শিগগিরই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পরীক্ষা -- নিরীক্ষা করবে। মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবে বঙ্গভবনের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কি না।

তিনি আরো জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি গত ৯ জুলাই থেকে বঙ্গবভনে হালকা কাজকর্ম ও অফিস করছেন। পরবর্তী তিন সপ্তাহের মধ্যে মেডিকেল বোর্ডের আবারো রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করার কথা।

বঙ্গভবন সূত্র জানায়, রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর মঙ্গলবার তার সঙ্গে বঙ্গভবনের কার্যালয়ে সাক্ষাত করার কথা।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি ৪৬ দিন পর সুস্থ হয়ে গত ৯ জুলাই আবার কাজে যোগ দেন।

২৬ মে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি করা হয়। চিকিৎসা শেষে ২০ জুন তিনি দেশে ফেরেন। রাষ্ট্রপতির প্রটোকল ছাড়াই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।

একইদিন সিএমএইচে শুধু প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া আর কাউকে তার সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হয়নি। সিএমএইচে তিন দিন অবস্থানের পর রাষ্ট্রপতি বঙ্গভবনে ফেরেন।

তার অবর্তমানে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।